প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিসিএস কম্পিউটার সিটি সেজেছে নতুন রূপে
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিসিএস কম্পিউটার সিটি সেজেছে নতুন রূপে

বিসিএস কম্পিউটার সিটিতে শুরু প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব

দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বাজার বিসিএস কম্পিউটার সিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের এই বাজারে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী বিশেষ আয়োজন। ‘সিটি আইটি অ্যানিভার্সারি ফেস্ট ২০২৬’ নামের এ উৎসব চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর।

আজ ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উৎসবটি দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় আটটি প্রযুক্তি ব্র্যান্ড সর্বাধুনিক প্রযুক্তিপণ্য নিয়ে অংশ নিচ্ছে। এতে ডাহুয়া, ডিপকুল, এফঅ্যান্ডডি, গিগাবাইট, আইমু, ম্যাক্সসান, পিসি পাওয়ার ও টিপি-লিংক অংশ নিচ্ছে।

সিটি আইটি অ্যানিভার্সারি ফেস্টের আহ্বায়ক মশিউর রহমান বলেন, বিসিএস কম্পিউটার সিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব আয়োজন করতে পেরে আমরা রোমাঞ্চিত। উৎসবের প্রতিদিনই কুইজ প্রতিযোগিতা, সরাসরি লটারির ড্র আয়োজনের পাশাপাশি মেগা গিফট হ্যাম্পারের হালনাগাদ তথ্য জানা যাবে। এই উৎসবে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আয়োজনের প্রথম দিনে ক্রেতা–বিক্রেতারা

আয়োজকেরা জানান, প্রযুক্তিপ্রেমী ও ক্রেতাদের জন্য উৎসবে বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শনের পাশাপাশি বিশেষ সুবিধা ও আয়োজন রাখা হয়েছে। উৎসব ঘিরে বিসিএস কম্পিউটার সিটির বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্য নিয়ে প্রচারণা চালাচ্ছে।
১১ সেপ্টেম্বর বিসিএস কম্পিউটার সিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন। এরপর ১২ থেকে ১৯ সেপ্টেম্বর উৎসবের দ্বিতীয় ধাপ চলবে। এতে অংশ নেবে আরও ৮টি প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড।

প্রথম ধাপের ৮টি প্রযুক্তি ব্র্যান্ড উৎসবে অংশ নিচ্ছে

আয়োজকদের প্রত্যাশা, ১৯ দিনের এ আয়োজনের মাধ্যমে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হবে এবং ক্রেতা-বিক্রেতার সম্পর্ক আরও দৃঢ় হবে। পাশাপাশি দেশের প্রযুক্তিপণ্য বাজারে উৎসবটি নতুন মাত্রা যোগ করবে।