নাসার ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইটে তোলা অদ্ভুত গর্তের ছবি
নাসার ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইটে তোলা অদ্ভুত গর্তের ছবি

নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে অস্ট্রেলিয়ার মরুভূমিতে অদ্ভুত গর্তের সন্ধান

অস্ট্রেলিয়ার মরুভূমিতে লুকিয়ে থাকা বিশাল আকারের অদ্ভুত এক গর্তের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বার্লি অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় এই গর্তের ছবি তুলেছে নাসার ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইট। পায়ের আদলে তৈরি অদ্ভুত গড়নের গর্তটির নাম দেওয়া হয়েছে ‘স্পাইডার ক্রেটার’। দুর্গম এলাকা হওয়ায় গর্তটির পুরো অংশ কেবল আকাশ থেকে স্পষ্ট বোঝা যায়।

স্যাটেলাইটের তোলা উচ্চ রেজোল্যুশনের ছবি ও খনিজ বিশ্লেষণের মাধ্যমে স্পাইডার ক্রেটারটি পর্যবেক্ষণ করে সেখানে প্রাচীনকালে উল্কাপাত হওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, অদ্ভুত এই গর্ত মূলত উল্কাপাতের স্থান, যা কোটি কোটি বছর ক্ষয়ের ফলে মাকড়সার মতো আকৃতি ধারণ করেছে। ডিম্বাকৃতির এই গর্ত ৮ বাই ৭ মাইল এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে। গর্তের কেন্দ্রে থাকা মাকড়সার মতো অংশটি আকারে প্রায় আড়াই মাইল। পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস ও প্রাচীন মহাজাগতিক আঘাতের প্রভাব বিশ্লেষণের ক্ষেত্রে নতুন এই অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীরা স্পাইডার ক্রেটার তৈরির কারণ জানতে পারলেও এটি কত কোটি বছর আগে তৈরি হয়েছে, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ৬০ থেকে ৯০ কোটি বছর আগে এই উল্কাপাত হয়েছিল। স্পাইডার ক্রেটারের কেন্দ্রে বিজ্ঞানীরা শ্যাটার কোন নামের বিশেষ ধরনের ফাটল খুঁজে পেয়েছেন। তীব্র শকওয়েভ পাথরের ভেতর দিয়ে গেলে কেবল এই বিশেষ ফাটল তৈরি হয়ে থাকে।

গবেষণার প্রধান লেখক বিজ্ঞানী ক্রিস কার্কল্যান্ড বলেন, নর্থ পোল ডোমে আঘাতের ফলে একটি দীর্ঘস্থায়ী ফাটল ব্যবস্থা তৈরি হয়েছিল। আদি পৃথিবীতে এ ধরনের প্রক্রিয়া পাথর এবং আদি মহাসাগরের রাসায়নিক আদান–প্রদানকে প্রভাবিত করার মাধ্যমে খনিজের পরিবর্তন ঘটিয়ে অণুজীব জীবনের জন্য পরিবেশ সংশোধন করতে পেরেছিল। এসব আঘাতের ফলে প্রাচীনকালে জিরকন খনিজ তীব্র উত্তাপে আংশিকভাবে আবার ক্রিস্টাল বা কেলাসে পরিণত হয়েছে।

সূত্র: ডেইলি মেইল