ওরফিশ
ওরফিশ

মেক্সিকোর সৈকতে খোঁজ পাওয়া বিরল ওরফিশ কী কোনো দুর্যোগের পূর্বাভাস

মেক্সিকোর কাবো সান লুকাস সৈকতে গত মাসে দুজন মার্কিন পর্যটক এমন এক বিরল মাছের দেখা পেয়েছেন, যাকে প্রাচীন লোককথা অনুযায়ী আসন্ন বড় কোনো দুর্যোগের পূর্বাভাস হিসেবে গণ্য করা হয়। পর্যটক মোনিকা পিটেঞ্জার এবং তার বোন কেটি সমুদ্রসৈকতে ঘোরাঘুরির সময় দুটি বিশালকার ওরফিশ উপকূলে ভেসে আসতে দেখেন।

জাপানের লোককথায় ওরফিশকে প্রলয়ংকরী মাছ বলা হয়। এই মাছ সমুদ্র দেবতার প্রাসাদের বার্তাবাহক। প্রাচীন এই বিশ্বাস মতে, যখনই কোনো ওরফিশ সমুদ্র তীরে ভেসে আসে, তখন এটি ভয়াবহ কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন শক্তিশালী ভূমিকম্প বা সুনামির আগাম সতর্কবার্তা দেয়। সাধারণত ওরফিশ সমুদ্রের ৩ হাজার ফুটেরও বেশি গভীরতায় বাস করে, যাকে বলা হয় টোয়াইলাইট জোন। পৃথিবীর খুব কম মানুষই এই রহস্যময় অঞ্চলে পৌঁছাতে পেরেছেন। তাই এক সঙ্গে দুটি ওরফিশ দেখা যাওয়ার ঘটনা প্রায় অলৌকিক। ২০১৮ সালের এক গবেষণা অনুযায়ী, গত এক শতাব্দীতে ক্যালিফোর্নিয়া উপকূলে মাত্র ১৯ বার এই মাছ দেখার তথ্য পাওয়া গেছে।

পর্যটক পিটেঞ্জার এবং তার বোন যে মাছ দুটি দেখেছিলেন, সেগুলো প্রায় ৩০ ফুট লম্বা ছিল। রুপালি ফিতার মতো দেখতে এই মাছগুলো বালুর ওপর পড়ে বাঁচার জন্য ছটফট করছিল। অনেকে ভয় পেলেও কেটি সাহসী হয়ে এগিয়ে যান এবং মাছ দুটিকে গভীর সমুদ্রে ফিরিয়ে দিতে সাহায্য করেন। পিটেঞ্জার বলেন, এটি যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য ছিল। আমি জীবনে এমন কিছু দেখিনি। মাছ দুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে তারা স্পষ্টতই অসুস্থ বা সংকটে ছিল এবং গভীর পানিতে যাওয়ার চেষ্টা করছিল। ৫ থেকে ৬ জন মানুষ দীর্ঘ চেষ্টার পর বিশালকায় মাছ দুটিকে সাগরে ফিরিয়ে দিতে সক্ষম হন।

ওরফিশ নিয়ে এই ভীতি অন্তত ১৭ শ শতক থেকে চলে আসছে। আধুনিককালেও এর কিছু কাকতালীয় প্রমাণ পাওয়া গেছে। ২০১১ সালে জাপানের তোহোকু অঞ্চলে ৯.১ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প এবং সুনামির মাত্র কয়েক মাস আগে প্রায় দুই ডজন ওরফিশ জাপানের উপকূলে ভেসে এসেছিল। সেই দুর্যোগে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ২০১৭ সালে ফিলিপাইনে ভূমিকম্পের আগেও এই মাছের দেখা মিলেছিল। বিজ্ঞানীরা অবশ্য এই লোকবিশ্বাসের কোনো অকাট্য প্রমাণ পাননি। তবে সাধারণত অসুস্থ বা মারা যাওয়ার আগে এই মাছগুলো উপকূলে চলে আসে। পূর্ণবয়স্ক একটি ওরফিশ ৩৬ ফুট পর্যন্ত লম্বা এবং ৬০০ পাউন্ড পর্যন্ত ওজনের হতে পারে।

সূত্র: ডেইলি মেইল