
বিজ্ঞানীরা নতুন ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। এই ব্যাকটেরিয়ার কারণে ম্যালেরিয়া পরজীবী মশাকে সংক্রমণ করতে বাধা পায়। স্পেনের এক পরীক্ষাগারে অনেকটা বেখেয়ালেই এই ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে। এ ঘটনাকে বিবিসি ‘হুট করে আবিষ্কার’ বলে উল্লেখ করেছে।
ম্যালেরিয়ায় বছরে সারা বিশ্বে ছয় লাখের বেশি মানুষ মারা যান। ম্যালেরিয়া প্রতিরোধে নতুন এই ব্যাকটেরিয়া কার্যকর ভূমিকা রাখবে বলে জানাচ্ছে গবেষক দল। ব্যাকটেরিয়া বাস্তবে কতটা কার্যকর, তা নিয়ে এরই মধ্যে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে তারা। স্পেনের একদল গবেষক বেশ কয়েক বছর ধরেই এই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছেন। জিএসকে ফার্মাসিউটিক্যালসের গবেষণাগারে চলছে এই কাজ।
এই কর্মসূচির প্রধান গবেষক ড. জ্যানেথ রড্রিগেজ জানান, এই ব্যাকটেরিয়ার কারণে মশার ম্যালেরিয়া প্যারাসাইট সংক্রমণ হয় না। ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণের হার অনেক কম। গবেষক দলের সদস্য মার্সেলো জ্যাকব-লোরেনা জানান, ‘আমরা নানা গবেষণার জন্য বিভিন্ন মশার সঙ্গে প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম পরজীবীকে সংযুক্ত করি। একপর্যায়ে আমরা মশার মধ্যে পরজীবী সংক্রমণ কমে যেতে দেখি। আমরা গবেষণার মাধ্যমে জানতে পারি, ডেলফিশিয়া সুরুহাতেনসিস, যা ট্রেস ক্যান্টস ওয়ান, টিসিওয়ানের জন্য দায়ী। প্রথমে জানতে পারি, যেসব মশা টিসিওয়ানে আছে, তারা ম্যালেরিয়া পরজীবীতে আক্রান্ত হতে পারে না। আমাদের গবেষক দলের সদস্য উই হুয়াং এই ব্যাকটেরিয়ার কার্যকারিতার সন্ধান পান।’
২০১৪ সালে প্রথম এই ব্যাকটেরিয়ার খোঁজ মেলে। সেই পরীক্ষার রসদ দুই বছর সংরক্ষণ করেন গবেষকেরা। দুই বছর পর ম্যালেরিয়া সংক্রমণের মাত্রা নিয়ে আবার গবেষণা শুরু করেন তাঁরা। নতুন গবেষণায় টিসিওয়ান নামে ব্যাকটেরিয়ার ধরনের খোঁজ মেলে। এই ব্যাকটেরিয়ার দেখা মেলে প্রাকৃতিকভাবেই। এই ব্যাকটেরিয়া মশার মধ্যে ম্যালেরিয়া পরজীবী প্রবেশে বাধা দেয়। গবেষক দল জানিয়েছে, এটি একবার মশার ভেতর প্রবেশ করলে পুরো জীবন থেকে যায়। এই ব্যাকটেরিয়া ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণ কমিয়ে দেয়।
সায়েন্স ম্যাগাজিনে গবেষক দল গবেষণার ফলাফল প্রকাশ করেছে। তারা দাবি করছে, ৭৩ শতাংশ মশার ভেতর ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণ প্রতিরোধ করে এই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া মশার অন্ত্রে প্রবেশ করে ম্যালেরিয়া পরজীবীর বিকাশে বাধা দেয়। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে গবেষক দল মশার অন্ত্রে এই ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সাফল্য লাভ করে। বুরকিনা ফাসোতে এক গবেষণাগারে এখন গবেষণাকে বিস্তৃত করা হয়েছে। বাস্তব দুনিয়ার মশার মধ্যে এই ব্যাকটেরিয়াকে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। ‘ম্যালেরিয়া নো মোর’ দাতব্য সংস্থার কর্মী গ্যারেথ জেনকিনস জানান, ‘এই আবিষ্কার আমাদের সামনে নতুন পথ খুলে দিচ্ছে। ম্যালেরিয়ায় প্রতি মিনিটে একটি শিশু মারা যায়। এই আবিষ্কারে সেই মৃত্যু আমরা কমিয়ে ফেলতে পারব বলে আশা করছি। এমন আবিষ্কারে ম্যালেরিয়ার ঝুঁকি আমাদের জীবদ্দশায়ই শূন্যে নামিয়ে আনা সম্ভব।’
সূত্র: বিবিসি