
বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এর একটি প্রতিবেদনে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে উভচর প্রাণীরা বেশ হুমকির মধ্যে পড়েছে। বড় আকারের এক সমীক্ষা চালিয়ে এই প্রাণীদের বিলুপ্তি আর ঝুঁকির বিষয়টি জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ২০ বছর আগে উভচর প্রাণীদের নিয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী এক মূল্যায়নপত্র তৈরি করা হয়েছিল। নতুন তালিকা অনুসারে নানা কারণে উভচর প্রাণীরা ব্যাপকভাবে হ্রাসের ঝুঁকিতে আছে।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণের ইউনিয়ন আইইউসিএনের গবেষক জেনিফার লুয়েডটকে বলেন, ‘আমরা নতুন তালিকা নিয়ে গবেষণা করছি। প্রায় আট হাজার উভচর প্রজাতিকে নতুন এ তালিকায় যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আমরা এই তালিকা অনুসরণ করে উভচর প্রজাতিকে রক্ষা করতে কাজ করব। গবেষণার তথ্যমতে, বর্তমানে উভচর প্রাণীরা অন্য যেকোনো মেরুদণ্ডী প্রাণীর তুলনায় বেশি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন ধরনের ব্যাঙ আর সালামান্ডার এর মধ্যে অন্য রকম। অন্য যেকোনো মেরুদণ্ডী প্রাণীর চেয়ে বেশি হাঙর ও রে মাছ ৩৭ শতাংশ, স্তন্যপায়ী প্রাণী ২৭ শতাংশ, সরীসৃপ ২১ শতাংশ ও পাখি ১৩ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। ২০০৪ সালের গবেষণা অনুসারে ৩৯ শতাংশ উভচর প্রাণী হুমকির মুখে ছিল। ১৯৮০ সালে ছিল ৩৮ শতাংশ। উভচর প্রাণীরা সত্যিকার অর্থেই দীর্ঘ সময়ের জন্য হুমকির মুখোমুখি হচ্ছে। নানা কারণে উভচর প্রাণীদের বাসস্থানের ক্ষতি হচ্ছে। বিভিন্ন প্রজাতির মধ্যে ৭৭ শতাংশ শুধু কৃষি কাজের জন্য ঝুঁকির মুখে পড়েছে। অন্যান্য সাধারণ হুমকির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন ও নানা ধরনের রোগ। প্রায় ২৯ শতাংশ প্রজাতি এ কারণে হারিয়ে যেতে পারে।
জলবায়ু পরিবর্তনের কারণে উভচর প্রাণীরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। বর্তমানে উভচর প্রাণীদের ৭৮৮ প্রজাতি বিলুপ্তির লাল তালিকায় দুর্বল থেকে বিপন্নের দিকে অবস্থান করছে। ২০০৪ সালে ৫৮ শতাংশ উভচর প্রাণী বিভিন্ন রোগের কারণে ঝুঁকিতে ছিল। সেই সময় কাইট্রিড ছত্রাকের আক্রমণে বিশ্বজুড়ে ব্যাঙের সংখ্যা কমে গিয়েছিল। নানা কারণে ভেনেজুয়েলার উভচর টেপুইস বা টেবিলটপ প্রজাতির ব্যাঙসহ অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে। আমেরিকার পর্বত অঞ্চলে অনেক উভচর প্রাণী বাস করে। জলবায়ু পরিবর্তনের জন্য তাদের আবাস ধ্বংস হচ্ছে। নদীর গতিপথ বদলে যাচ্ছে বলে প্রজননের সময় বাধার মুখে পড়ছে নানা ধরনের উভচর প্রাণী। পানির কাছ থেকে দূরে সরে যাচ্ছে অনেক আবাস। এসব কারণে পাহাড়-পর্বতের এলাকায় উভচর প্রাণীর সংখ্যা দ্রুত কমছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হাত থেকে বাঁচতে পর্বতের ওপরের দিকে ব্যাঙ উঠে যেতে পারছে না।
গবেষক জেনিফার লুয়েডটকে বলেন, ‘জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিবর্তন, চরম আবহাওয়া ও দাবানলের কারণে উভচর প্রাণীদের সংখ্যা কমছে। এটি প্রকৃতি ও পৃথিবীর জন্য খুবই উদ্বেগজনক। আমাদের সামনে কী রয়েছে, আমরা জানি না। সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, কিছু এলাকার উভচর প্রাণীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কাইট্রিড ছত্রাকের প্রাদুর্ভাবে ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত মধ্য ও দক্ষিণ আমেরিকার ব্যাঙ প্রায় নির্বংশ হয়ে যাচ্ছিল। আইইউসিএন ঝুঁকির রেড লিস্টের সবচেয়ে বেশি প্রাণীর বাস এ অঞ্চলে। নিউগিনি ও আফ্রিকার ব্যাঙগুলো সে সময় রক্ষা পেলেও সম্প্রতি সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে রোগজীবাণুর আক্রমণে আবার বিপদে পড়েছে। উত্তর আমেরিকার উভচর প্রাণীরা সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইউরোপ ও পূর্ব এশিয়াজুড়ে ব্যাঙের পরিমাণ অনেক কমে গেছে। কারণ,আশার কথা হচ্ছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় উভচর প্রাণীরা এখনো কিছুটা নিরাপদে রয়েছে। সংরক্ষিত এলাকার উন্নত ব্যবস্থাপনার কারণে কিছু প্রজাতির সংখ্যা বাড়ছে। নতুন তথ্য বলছে, ১২০ প্রজাতির উভচরের অবস্থা উন্নত হয়েছে।’
সূত্র: সায়েন্স নিউজ