
মহাবিশ্বের জটিল সমীকরণ আর অচেনা রহস্য উন্মোচনে গণিতই মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। এ বছর গণিতের দুনিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত ‘ফিল্ডস মেডেল’ পেয়েছেন চার তরুণ গণিতবিদ। পুরস্কারপ্রাপ্ত চার গণিতবিদ হলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ফ্রান্সের আইএইচইএসের হংক ওয়াং, যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইউ ডেং, স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জন পার্ডন এবং কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের জ্যাকব জিমারম্যান। ফিল্ডস মেডেলের ৯০ বছরের ইতিহাসে পুরস্কার বিজয়ী তৃতীয় নারী হচ্ছেন হংক ওয়াং। এর আগে ২০১৪ সালে মরিয়াম মির্জাখানি এবং ২০২২ সালে মেরিনা ভিয়াজোভস্কা এই পুরস্কার পান। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চার তরুণ গণিতবিদকে এই পুরস্কার দেওয়া হয়।
হংক ওয়াং মূলত দুটি ভিন্ন গাণিতিক ক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছেন। তরঙ্গসদৃশ সমীকরণ ব্যবহার করে কীভাবে বিভিন্ন আকৃতি স্থান দখল করে তা নিয়ে গবেষণা করেছেন তিনি। ২০২৫ সালে গণিতবিদ জোশুয়া জাহলের সঙ্গে তিন মাত্রার কাকেয়া অনুমান প্রমাণ করেন ওয়াং। এর মাধ্যমে ৫০ বছর ধরে চলে আসা একটি বড় গাণিতিক প্রশ্নের সমাধান হলো।
অন্যদিকে ইউ ডেং তরল বা প্রবাহী পদার্থের গতি-সম্পর্কিত গণিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। অণুবীক্ষণ যন্ত্রের নিচে তরলের অণুগুলো এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। কিন্তু বিশাল পরিসরে তা আবার সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। এক শতাব্দীর বেশি সময় ধরে গণিতবিদেরা এই দুই আচরণের মিল খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ডেং ও তার সহযোগীরা প্রমাণ করেন, উভয় স্কেলে প্রবাহী পদার্থ ব্যাখ্যার সমীকরণ আসলে একই।
আরেক বিজয়ী যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জন পার্ডন মাত্র ২১ বছর বয়সে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে গণিতের নট থিওরির একটি জটিল ধাঁধার সমাধান করেন। বিভিন্ন ধরনের গিঁট আলাদা করার কৌশল অনুসন্ধান করতে গিয়ে তিনি দীর্ঘ ২৫ বছর ধরে অমীমাংসিত এক ধারণাকে সহজভাবে প্রমাণ করেন।
জ্যাকব জিমারম্যান ও তাঁর দল ২০২১ সালে বিখ্যাত আন্ড্রে-ওর্ট তত্ত্বের অনুমান প্রমাণ করেন। এই তত্ত্ব মূল সংখ্যার জটিল সমীকরণ ও বিশেষ গাণিতিক বিন্দুর কাঠামো বুঝতে সাহায্য করে। জিমারম্যান তাঁর এই অর্জনের পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণায় গণিতকে কাজে লাগাতে চান। জিমারম্যান বলেন, ‘আমাদের পৃথিবীতে বড় পরিবর্তন আসছে। এআই নিয়ে সবচেয়ে ভয়ের বিষয় হলো আমরা এর ভেতরের ব্যবস্থা ভালোভাবে বুঝি না। বিশুদ্ধ গণিত এই অজ্ঞতা দূর করতে পারে।’
প্রসঙ্গত, কানাডার গণিতবিদ জন চার্লস ফিল্ডসের নামে ফিল্ডস মেডেল পুরস্কারের নামকরণ করা হয়েছে। ১৯২০–এর দশকে তিনি আন্তর্জাতিক গণিত সম্প্রদায়কে একত্র করতে উদ্যোগ নেন। নোবেল পুরস্কারের মতো প্রতিবছর নয়, ফিল্ডস মেডেল দেওয়া হয় প্রতি চার বছর পরপর। পুরস্কার বিজয়ী গণিতবিদদের বয়স অবশ্যই ৪০ বছরের কম হতে হয়।
সূত্র: সায়েন্টিফিক আমেরিকান