অনুষ্ঠানে যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিদলের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (মাঝে)
অনুষ্ঠানে যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিদলের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (মাঝে)

প্রযুক্তির প্রসারে যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা

বাণিজ্য, প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছে ইএটিএল ইনোভেশন হাব। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান আয়োজিত এই নৈশভোজ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইএটিএল ইনোভেশন হাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার এবং গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আবদুল জব্বার, অ্যান্ড্রু ম্যাককালি (এমিরগ্রিন ক্যাপিটাল), ক্রিস বল্ডউইন (আর্কিটেক্টন কনস্ট্রাকশন), হাউ চুনলিন (ভিজিয়েন্ট হোল্ডিং লিমিটেড) এবং কিউ রান (শেং কাই ইন্টারন্যাশনাল লিমিটেড)। অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। প্রতিনিধিদলের সদস্যরা গ্রিন এনার্জি প্রকল্প, আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে বাংলাদেশে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আফরোজা খানম জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং দেশকে আঞ্চলিক ব্যবসা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার।

এম এ মুবিন খান বলেন, ‘বাংলাদেশ বর্তমানে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করতে এবং বৈশ্বিক বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।’

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম বেসরকারি খাতভিত্তিক ইনোভেশন হাব হিসেবে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে অত্যাধুনিক প্রযুক্তি অবকাঠামো পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা অ্যানালিটিকস, ইন্টারনেট অব থিংস, অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চ্যুয়াল রিয়েলিটিসহ বিভিন্ন প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।