সিরি মোড যুক্ত হচ্ছে আইফোনের ক্যামেরা অ্যাপে
সিরি মোড যুক্ত হচ্ছে আইফোনের ক্যামেরা অ্যাপে

আইফোনের ক্যামেরা অ্যাপে সিরি মোড যুক্ত করছে অ্যাপল, ভালো না খারাপ

আইফোনের ক্যামেরা ব্যবহারের ধরনে বড় রকমের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। নতুন এই পরিকল্পনার অংশ হিসবে নিজেদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ২৭ সংস্করণে ক্যামেরা অ্যাপের ভেতরেই যুক্ত করা হতে পারে ‘সিরি মোড’। সুবিধাটি ক্যামেরা অ্যাপের ফটো, ভিডিও ও পোর্ট্রেটের মতো প্রচলিত অপশনের পাশেই যুক্ত করা হতে পারে।

অ্যাপল–বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এক প্রতিবেদনে জানিয়েছেন, অ্যাপল তাদের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সুবিধাগুলোকে সাধারণ মেনু থেকে সরিয়ে সরাসরি ক্যামেরার মূল ইন্টারফেসে নিয়ে আসছে। অ্যাপলের ধারণা, সার্চ বা অনুসন্ধানের ভবিষ্যৎ এখন শুধু টাইপ করার মধ্যে সীমাবদ্ধ নেই, সরাসরি ‘দেখা’ বা ভিজ্যুয়ালের ওপর নির্ভরশীল। ভবিষ্যতে তথ্য অনুসন্ধানের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে ‘সিরি মোড’। আগামী জুনে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে সুবিধাটি চালুর ঘোষণা দিতে পারে অ্যাপল।

বর্তমানে আইফোন ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট ‘ক্যামেরা কন্ট্রোল’ বাটন বা আলাদা শর্টকাটের মাধ্যমে ভিজ্যুয়াল সার্চ ব্যবহার করেন। গুরম্যানের দাবি, আইওএস ২৭ সংস্করণে এই অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনা হবে। ব্যবহারকারী যখন সোয়াইপ করে ‘সিরি মোড’-এ যাবেন, তখন ক্যামেরার চিরাচরিত সাদা শাটার বাটনটি উজ্জ্বল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ লোগোতে পরিণত হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো বস্তুর দিকে ক্যামেরা তাক করে সেই বস্তুর বিষয়ে অনলাইন থেকে সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন। এ ক্ষেত্রে চাইলে অ্যাপলের নিজস্ব এআই বা চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবটের সহায়তা নেওয়া যাবে।

সিরি মোড সুবিধাটি চালু হলে কোনো কনসার্টের পোস্টারের ছবি তুলে তাৎক্ষণিকভাবে ক্যালেন্ডার অ্যাপে অনুষ্ঠানের সময়সূচি যুক্ত করা যাবে। আবার কোনো রেস্তোরাঁর খাবারের তালিকা স্ক্যান করলে সেই রেস্তোরাঁর রিভিউ দেখা যাবে। এ ছাড়া খাবারের প্যাকেটের পুষ্টিগুণের লেবেল স্ক্যান করে ক্যালরি ও অন্যান্য পুষ্টি উপাদানের তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যসংক্রান্ত তথ্যভান্ডারে সংরক্ষণের সুযোগ মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া