বছরের শুরুতেই কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো
বছরের শুরুতেই কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

অ্যামাজন-গুগল-মাইক্রোসফট কত কর্মী ছাঁটাই করেছে এক মাসে

অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বছরের শুরুতেই অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করেছে। শুধু গত জানুয়ারি মাসেেই প্রায় এক লাখ কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ৩০০ কর্মী চাকরি হারিয়েছেন। কর্মী ছাঁটাইয়ের তালিকায় সবার ওপরে অ্যামাজন। এরপরই রয়েছে গুগল ও মাইক্রোসফট।

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের কর্মী ছাঁটাই পর্যবেক্ষণ করা ওয়েবসাইট লেঅফসডটএফওয়াইআই জানিয়েছে, গত বছর প্রায় ১ লাখ ৫৪ হাজার কর্মী ছাঁটাই করেছিল শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ বছর প্রথম এক মাসেই প্রায় এক লাখ কর্মী ছাঁটাই করা হয়েছে। সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন। ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। ১২ হাজার কর্মী ছাঁটাই করে তালিকায় দ্বিতীয় অবস্থানে গুগল। তৃতীয় অবস্থানে রয়েছে মাইক্রোসফট। ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

কর্মী ছাঁটাই করা অপর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হলো সেলসফোর্স, আইবিএম এবং এসএপি। গত এক মাসে সেলসফোর্স ৭ হাজার, আইবিএম ৩ হাজার ৯০০ এবং এসএপি ৩ হাজার কর্মী ছাঁটাই করেছে। সামনের মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের শেষ নাগাদ ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এ বছরও কর্মী ছাঁটাই করতে পারে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া