দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই ১০ নারীকে সম্মাননা জানাচ্ছে উই
দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই ১০ নারীকে সম্মাননা জানাচ্ছে উই

উইয়ের জয়ী পুরস্কার ও সম্মাননা পাচ্ছেন যে ২০ নারী

অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই–কমার্স (উই) ট্রাস্ট এবারও ‘উই–জয়ী’ পুরস্কার ও সম্মাননা দিচ্ছে। ৬ ও ৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় চতুর্থ উই সামিটের শেষ দিনে ২০ জন নারীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।

গতকাল সোমবার উইয়ের ফেসবুক গ্রুপে এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। উইয়ের প্রেসিডেন্ট ও ট্রাস্টি নাসিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই সামিটের সময় উই–জয়ী পুরস্কার প্রদান করে। এবার দেশের বিভিন্ন খাতে অবদান রাখা ১০ জন নারীকে জয়ী সম্মাননা দেওয়া হচ্ছে। পাশাপাশি উইয়ের সদস্যদের মধ্য থেকে ১০ নারী উদ্যোক্তাকে জয়ী পুরস্কার দেওয়া হচ্ছে।’
নাসিমা আক্তার জানান উইয়ের পাঁচজন এবং বাইরের পাঁচজন—এই ১০ জনের সমন্বয়ে জুরি বোর্ড গঠন করে পুরস্কার চূড়ান্ত করা হয়। জয়ী পুরস্কারের জন্য উই সদস্যদের নির্দিষ্ট ফরম পূরণ করে তথ্য জানাতে হয়। এরপর যাচাই–বাছাই করে বিভিন্ন শ্রেণিতে বিজয়ী নির্ধারিত হয়ে থাকে।

জয়ী সম্মাননা পাচ্ছেন যাঁরা

অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব শ্রেণিতে এ বছর জয়ী পুরস্কার পাচ্ছেন সাবেক সংসদ সদস্য ও শিক্ষাবিদ প্রয়াত পান্না কায়সার। সাংবাদিকতায় দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বর্ষসেরা করপোরেট লিডার শ্রেণিতে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী, স্বাস্থ্যসেবায় বর্ষসেরা উদ্ভাবক হিসেবে লাইফস্প্রিংয়ের চর্মরোগ বিশেষজ্ঞ ও সেক্সুয়াল মেডিসিনের প্রধান ডা. সুষমা রেজা, বর্ষসেরা সামাজিক প্রভাবক শ্রেণিতে বিশ্বব্যাংকের বেসরকার খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস, বর্ষসেরা ই–কমার্স পথিকৃৎ হিসেবে বিক্রয় ডটকমের সিইও ঈশিতা শারমীন, বর্ষসেরা এফ–কমার্স শ্রেণিতে স্টিডফাস্ট ক্যুরিয়ার লিমিটেডের চেয়ারম্যান জয়ীরিয়া মোস্তারি, বর্ষসেরা শিক্ষা প্রভাবক শ্রেণিতে টেন মিনিট স্কুলের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহিদ, বর্ষসেরা মিডিয়া ব্যক্তিত্ব শ্রেণিতে মঞ্চকর্মী, অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হক এবং বর্ষসেরা সামাজিক প্রভাবক শ্রেণিতে জয়ী পুরস্কার পেয়েছেন উইমেনস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ফারনাজ আলম।

উই–জয়ী পুরস্কার বিজয়ী ১০ উদ্যোক্তা

জয়ী পুরস্কার পাচ্ছেন যাঁরা

উইয়ের উদ্যোক্তা সদস্যদের মধ্যে ১০ জন এবার জয়ী পুরস্কার পাচ্ছেন। বিজয়ীরা হলেন ফ্যাব্রিকার্টের আকসা হৈম (শ্রেণি: বর্ষসেরা উদ্যোক্তা), নুকি শপ বিডির জান্নাতুল ফেরদৌস (বর্ষসেরা স্থানীয় পণ্য), ত্রিরত্নের শাহিদা মনোয়ার (বর্ষসেরা অনুপ্রেরণা), ই–হাটবাজারের রাওয়াওদা তানজিদা (স্পিরিট অব দ্য ইয়ার), কাব্য
কন্যার নাশিদ আন্দালিব (বর্ষসেরা উদীয়মান তারকা), রূপবানের শিমুল বিল্লাহ খান মজলিশ (বর্ষসেরা উদ্ভাবন), ফারহানাস ড্রিমের ফারহানা আক্তার (বর্ষসেরা সামাজিক উদ্যোক্তা), ওয়াজেদাস কালেকশনের পারভিন বেগম (বর্ষসেরা রপ্তানিকারক), স্বপ্নচূড়ার ইশরাত জাহান (বর্ষসেরা প্রচারণা) এবং কুকমাসালার ফেরদৌস আক্তার (বর্ষসেরা ব্যবসা)।

জয়ী পুরস্কার ও সম্মাননা বিজয়ী প্রত্যেককে সম্মাননা স্মারক (ক্রেস্ট), উত্তরীয়, সনদ এবং উপহার প্রদান করা হবে বলে উই সূত্রে জানা গেছে।