অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অসাবধানতাবশত গুরুত্বপূর্ণ বার্তা মুছে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। পরে সেই বার্তা চাইলেও ফেরত আনা যায় না। ফলে প্রেরককে আবার বার্তাটি পাঠানোর অনুরোধ জানাতে হয়। ব্যবহারকারীদের এ ধরনের সমস্যার সমাধানে গুগল মেসেজেস অ্যাপে ‘ট্র্যাশ’ নামের নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।
নতুন এই সুবিধা চালুর ফলে কোনো বার্তা মুছে ফেললে তা সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যাওয়ার পরিবর্তে নির্দিষ্ট ‘ট্র্যাশ’ ফোল্ডারে স্বয়ংক্রিয়ভাবে ৩০ দিন পর্যন্ত জমা থাকবে। এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা চাইলে সহজেই বার্তাটি পুনরুদ্ধার করতে পারবেন। নির্ধারিত সময় পর বার্তাটি স্থায়ীভাবে মুছে যাবে।
গুগল জানিয়েছে, এপ্রিল প্রকাশিত সর্বশেষ হালনাগাদের মাধ্যমে ট্র্যাশ সুবিধাটি চালু করা হয়েছে। ফলে সুবিধাটি পেতে ব্যবহারকারীদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ হালনাগাদ থাকতে হবে। তবে সুবিধাটি ব্যবহারের জন্য আলাদা করে কোনো সেটিংস চালু করতে হবে না।
গুগল মেসেজেস অ্যাপে বার্তা মুছে ফেলার পদ্ধতিতে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে আগের মতোই নির্দিষ্ট বার্তা নির্বাচন করে মুছে ফেলার সময় একটি সতর্কবার্তা দেখা যাবে, যেখানে ‘মুভ টু ট্র্যাশ’ অথবা ‘ক্যানসেল’ এই দুটি বিকল্প থাকবে। ‘মুভ টু ট্র্যাশ’ নির্বাচন করলে বার্তাটি ট্র্যাশ ফোল্ডারে সংরক্ষিত হবে। অ্যাপের ওপরের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করলে ‘ট্র্যাশ’ অপশনটি দেখা যাবে। সেখানে প্রবেশ করলে মুছে ফেলা বার্তাগুলোর তালিকা পাওয়া যাবে। তবে ট্র্যাশ ফোল্ডারের ভেতর থেকে সরাসরি বার্তার লেখা দেখা যাবে না। বার্তাটি দেখতে হলে সেটি পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট বার্তাটি নির্বাচন করে ওপরের দিকে থাকা ওয়াচ আইকনে ট্যাপ করতে হবে। আর স্থায়ীভাবে মুছে ফেলতে চাইলে ট্র্যাশ আইকনে ট্যাপ করলেই হবে।
সূত্র: জেডডিনেট