
বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্য, স্মার্টফোনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’। প্রদর্শনীতে মূল্যছাড়ে পণ্য বিক্রির পাশাপাশি ক্রেতাদের নানা ধরনের উপহার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে কম দামে সর্বশেষ প্রযুক্তির পণ্য কিনতে আজ শুক্রবার বেশ ভিড় দেখা গেছে প্রদর্শনী কেন্দ্রে।
শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভিআরভিত্তিক শিক্ষামূলক পণ্য
প্রদর্শনীতে ক্রসটেক সলিউশনস ভার্চ্যুয়াল রিয়েলিটিনির্ভর ভিআর পাঠশালা প্রদর্শন করছে। উচ্চমাধ্যমিক শ্রেণির রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানের ল্যাবের বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ পাওয়া যাচ্ছে ভার্চ্যুয়াল এ পাঠশালায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. নেছারউদ্দীন বলেন, ‘আমরা ভিআর ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) প্রযুক্তির মাধ্যমে শ্রেণিকক্ষের উপযোগী বিভিন্ন সেবা তৈরি জন্য কাজ করছি। এতে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন করা আরও সহজ হবে।’
গেম খেলার সুযোগ
মেলায় নারায়ণগঞ্জ থেকে এসেছেন শিক্ষার্থী আবিদ শাহরিয়ার। তাঁর আগ্রহের বিষয় গেমস। প্রদর্শনীর বিভিন্ন স্টলে গেম খেলার পাশাপাশি বিভিন্ন গেমিং পণ্য দেখার সুযোগ থাকায় বেশ ভালোই সময় কেটেছে শাহরিয়ারের। রেডড্রাগন ব্র্যান্ডের গেমিং পণ্য বাজারজাত করা প্রতিষ্ঠানের কর্মকর্তা সিয়াম হোসেন জানিয়েছেন, এবারের প্রদর্শনীতে তরুণদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। গেমিং পণ্য কেনা থেকে শুরু করে গেম খেলার জন্য তারা আসছেন দূরদূরান্ত থেকে। অনেক অভিভাবকও তাঁদের সন্তানদের নিয়ে আসছেন মেলায়। রাজধানীর বসুন্ধরা থেকে আসা তরুণ সাকির সালাম বলেন, ‘এ ধরনের প্রদর্শনীতে সর্বশেষ প্রযুক্তির বিভিন্ন প্রযুক্তিপণ্য সম্পর্কে জানা যায়। আমি নিজে প্রযুক্তি দুনিয়ার মানুষ। প্রদর্শনীতে এসেছি বিভিন্ন প্রতিষ্ঠানের হালনাগাদ প্রযুক্তিপণ্য ও সেবা দেখার জন্য।’
প্রদর্শনী থেকে আসুস ল্যাপটপ কিনলে মিলছে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত শপিং ভাউচার উপহার। লেনোভো ল্যাপটপে রয়েছে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। ইউসিসি দিচ্ছে এসারের প্রিডেটর সিরিজের ল্যাপটপে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়। এ ছাড়া এসপায়ার ও ট্রাভেলমেট সিরিজের কোর আই৩ ও কোর আই৫ মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে ৩ থেকে ৬ হাজার টাকা কম দামে। টেকল্যান্ডের বিভিন্ন মডেলের ল্যাপটপে মিলছে সর্বোচ্চ ৫ হাজার টাকা ছাড়। রায়ান্স দিচ্ছে আসুস ও এইচপি ল্যাপটপে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত গিফট ভাউচার এবং লেনোভো ল্যাপটপে ১ থেকে ৫ হাজার টাকা ক্যাশব্যাক–সুবিধা। স্মার্ট টেকনোলজিস তাদের নিজস্ব ব্র্যান্ডের ল্যাপটপে দিচ্ছে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রযুক্তি পণ্যের পাশাপাশি স্মার্টফোনেও মূল্যছাড়সহ উপহার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রদর্শনীতে বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তিপণ্য প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারণী আলোচনাও হচ্ছে নিয়মিত। আজ শুক্রবার সকালে ‘বাংলাদেশ থেকে বিশ্বে: উৎপাদন ও রপ্তানির স্বপ্ন’ শিরোনামে প্যানেল আলোচনায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার হলেও অধিকাংশই গার্মেন্টস খাতের মাধ্যমে হয়ে থাকে। অন্য খাতের রপ্তানি এখনো উল্লেখ করার মতো নয়। এ ক্ষেত্রে প্রযুক্তি ও প্রযুক্তি পণ্য হতে পারে রপ্তানির নতুন খাত। এ জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে।
প্রসঙ্গত, সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত চার দিনের এ প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার।