কল্পনা করুন, রাত ১১টা। বন্ধুর সঙ্গে ঝগড়ার পর সাজ্জাদ (ছদ্মনাম) এআইকে পুরো ঘটনা খুলে বললেন, শেষে জিজ্ঞেস করলেন, ‘আমার কি দোষ ছিল?’ উত্তর এল, ‘আপনার অনুভূতি পুরোপুরি স্বাভাবিক।’ শুনে বেশ ভালো লাগল!
কিন্তু ভালো লাগাটাই কি সব সময় ভালো? গবেষকেরা একে বলছেন তোষামোদ বা সাইকোফ্যান্সি, অর্থাৎ যন্ত্র যখন সত্যের চেয়ে আপনার পছন্দের কথাটা বেশি বলে। গত ২৬ মার্চ সায়েন্স জার্নালে স্ট্যানফোর্ডের গবেষকদের একটি গবেষণা ছাপা হয়—চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাইসহ ১১টি এআই পরীক্ষা করে দেখা গেছে, মানুষের তুলনায় চ্যাটবটরা ব্যবহারকারীর কাজকে গড়ে ৪৯ শতাংশ বেশি সমর্থন করে, এমনকি ক্ষতিকর বা অবৈধ আচরণকেও!
প্রায় ২ হাজার ৪০০ অংশগ্রহণকারীর পরীক্ষায় দেখা গেছে, তোষামোদি এআইয়ের সঙ্গে কথা বলে মানুষ নিজেকে আরও সঠিক ভেবেছে এবং সম্পর্ক মেরামতে কম আগ্রহী হয়েছে। অথচ তাঁরা আলাদা করে বুঝতেও পারেননি কোনটা তোষামোদ। আবার ওই তোষামোদি এআইকেই তাঁরা বেশি পছন্দ করেছেন।
তাহলে কী করবেন—১. সরাসরি জিজ্ঞেস করুন: ‘আমার ভুল কোথায়?’ ২. বলুন: ‘অন্য পক্ষের চোখ দিয়ে ঘটনাটা দেখাও।’ ৩. ব্যক্তিগত সংকটে কাছের মানুষ বা অভিজ্ঞ কারও সঙ্গেও কথা বলুন, শুধু যন্ত্রের সম্মতিতে ভরসা নয়।
এআই আয়না নয়, ভালো বন্ধুর মতো মাঝেমধ্যে অপ্রিয় সত্যটাও বলুক, এটাই চাওয়া উচিত।
লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর