বার্নিং ম্যান আয়োজন উপলক্ষে গুগল প্রথম ডুডল প্রকাশ করে
বার্নিং ম্যান আয়োজন উপলক্ষে গুগল প্রথম ডুডল প্রকাশ করে

প্রযুক্তির এই দিনে: ৩০ আগস্ট

প্রথম গুগল ডুডল প্রকাশিত

প্রকাশিত হলো গুগলের প্রথম ডুডল। এর নকশা করেছিলেন গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।

৩০ আগস্ট ১৯০৭
কম্পিউটার তৈরির পথিকৃৎ জন মশলির জন্মদিন
জন মশলির জন্মদিন আজ। তিনি যুক্তরাষ্ট্রের ওহিওতে জন্মগ্রহণ করেন। মশলি জে প্রেসপার একের্টের সঙ্গে প্রথম বড় আকারের ইলেকট্রনিক ক্যালকুলেটর এনিয়াক নির্মাণ করেছিলেন। এনিয়াক প্রথম সাধারণ ব্যবহারযোগ্য ইলেকট্রিনক ডিজিটাল কম্পিউটার হিসেবে গণ্য হয়। তিনি এডভ্যাক, বাইন্যাক ও যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিভ্যাক–১ নকশায় সহযোগিতা করেছেন। মশলি একের্ট–মশলি করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। তিনি প্রোগ্রামিং ভাষা, সংরক্ষিত প্রোগ্রামসহ কম্পিউটারের মৌলিক ধারণা দিয়েছেন।

জন মশলি

মশলি জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি নেওয়ার পর উরসিনাস কলজে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৪১ সালে মশলি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার মুর স্কুল অব ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্রীষ্মকালীন কোর্সে যোগ দেন। সেখানে তাঁকে প্রশিক্ষক হিসেবে কাজ করতে বলা হয়। এখানেই তিনি এনিয়াক যন্ত্রের রূপরেখা তৈরি করেন। ১৯৮০ সালের ৮ জানুয়ারি মারা যান কম্পিউটারের এই পথিকৃৎ।

বাংলাদেশ নিয়ে গুগলের প্রথম ডুডল। এঁকেছেন জন উইলি ও মিশল লোপেজ

৩০ আগস্ট
দেখা গেল গুগলের প্রথম ডুডল
ইন্টারনেটে তথ্য খোঁজার সবচেয়ে বড় ওয়েবসাইট, অর্থাৎ সার্চ ইঞ্জিন গুগলের লোগো বিশেষ বিশেষ দিনে সাময়িকভাবে বদলে যায়। বিশেষ দিন, বিখ্যাত মানুষের জন্মদিন, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দিবস, অর্জন, উৎসব ইত্যাদি উপলক্ষে গুগলের লোগোতে প্রাসঙ্গিক অঙ্কন করা হয়, এটিই গুগল ডুডল।

বাংলা নববর্ষে গুগল ডুডল। ১৪ এপ্রিল ২০১৮

প্রথম গুগল ডুডলটি প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। প্রথম ডুডলটি করা হয়েছিল ‘বার্নিং ম্যান’ নামে যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রক সিটির বার্ষিক আয়োজন নিয়ে। এটির নকশা করেছিলেন গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। এর উদ্দেশ্য ছিল  কোনো কারণে সার্ভার বন্ধ হয়ে গেলে ব্যবহারকারীরা যাতে এই ডুডল দেখে বুঝতে পারেন। পরে বিশেষ বিশেষ দিন স্মরণ করতে নিয়মিত ডুডল প্রকাশ করে গুগল। ২০০০ সাল পর্যন্ত কার্টুনিস্ট ইয়ান ডেভিডকে দিয়ে ডুডল আঁকিয়েছে গুগল। এরপর নিজস্ব কর্মীদের দল ডুডল আঁকে। তাঁদের ডুডলারস বলা হয়।

শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৫তম জন্মদিনে ডুডল। ২৯ ডিসেম্বর ২০১৯

প্রথম দিকে ডুডল শুধুই একটি ছবি ছিল। কোনো হাইপারলিংক বা অ্যানিমেশন এতে ছিল না। ২০১০ সালের জানুয়ারিতে স্যার আইজাক নিউটনকে সম্মান জানাতে প্রথম অ্যানিমেটিড ডুডল প্রকাশ করে। এরপরই প্যাক–ম্যান গেম বিষয় করে হাইপারলিংকসহ ডুডল প্রকাশ করা হয়। গুগল আবার বিভিন্ন অঞ্চলভিত্তিক ডুডলও প্রকাশ করে, যেগুলো সেই অঞ্চলের ইন্টারনেট ব্যবহারকারীরা দেখতে পান। এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার ডুডল গুগলের হোমপেজে (প্রথম পৃষ্ঠা) প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রকাশ করা হয় ২০১৩ সালের ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে। এতে দেখা যায় পতাকা হাতে একটি পরিবার সবুজ–হলুদ শস্যখেতে এগিয়ে চলেছে। এর পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিশেষ উপলক্ষে, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম দিনে ডুডল প্রকাশ করেছ গুগল।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, উইকিপিডিয়া, গুগল