নয়েজ ক্যান্সেলেশন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
নয়েজ ক্যান্সেলেশন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের ফোনকলে যুক্ত হচ্ছে নতুন সুবিধা

ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও বা ভিডিও কল করেন অনেকে। কিন্তু যে ব্যক্তিকে কল করা হয়েছে, তিনি যদি যানজট, বাজার বা গণপরিবহনে থাকেন, তবে চারপাশের শব্দের কারণে ঠিকমতো কথা শোনা যায় না। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে ‘নয়েজ ক্যান্সেলেশন’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড বেটা ২.২৬.১৪.১ সংস্করণ ব্যবহারকারীদের জন্য এরই মধ্যে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা সবার জন্য চালু হলে আশপাশের শব্দ কথোপকথনের সময় বাধা হয়ে দাঁড়াবে না। ফলে হোয়াটসঅ্যাপে স্বচ্ছন্দে অডিও ও ভিডিও ফোন কল করা যাবে।

অ্যান্ড্রয়েড বেটা ২.২৬.১৪.১ সংস্করণে নয়েজ ক্যান্সেলেশন অপশনটি কলিং মেনুতে যুক্ত করা হয়েছে। ফলে হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল শুরু করলেই সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে সুবিধাটি বন্ধও করতে পারবেন।

জানা গেছে, যদি একজন ব্যবহারকারী নয়েজ ক্যান্সেলেশন সুবিধা চালু করেন, তবে অপর ব্যক্তির কাছে তার কণ্ঠস্বর বর্তমানের তুলনায় স্পষ্ট শোনাবে। তবে উভয় পক্ষ চালু না করলে অডিও বা ভিডিওর শব্দের মানের কোনো উন্নতি হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালুর ঘোষণা দিতে পারে হোয়াটসঅ্যাপ।

সূত্র: গ্যাজেটস ৩৬০