বাংলাদেশ কম্পিউটার সমিতির লোগো
বাংলাদেশ কম্পিউটার সমিতির লোগো

আগামী মার্চে কম্পিউটার সমিতির নির্বাচন

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী বছরের ৯ মার্চ অনুষ্ঠিত হবে। বিসিএস নির্বাচন বোর্ড আজ মঙ্গলবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৯ মার্চ বিসিএসের কার্যকরী ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, রংপুর এবং কুষ্টিয়ায় বিসিএসের ১১টি শাখা রয়েছে।

২০২৪-২৬ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ওরা-টেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ। তিন সদস্যের নির্বাচন বোর্ডের অপর দুজন হলেন সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভূঁইয়া এবং কম্পিউটার আর্কাইভসের স্বত্বাধিকারী মো. আমির হোসেন।

বিসিএসের সাবেক সভাপতি এস এম ইকবালের নেতৃত্বে আপিল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবির ও অ্যাডভান্সড কম্পিউটার টেকনোলজির স্বত্বাধিকারী চৌধুরী মো. আসলাম।

তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আহ্বান করা হবে। ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।