আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে নিজেদের হোম পেজে বরাবরের মতো এবারও বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। বিশেষ ডুডলটিতে সার্চ বক্সের ওপরে নীল আকাশের পটভূমিতে গুগলের লোগোর সঙ্গে আকাশে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
ডুডলে দেখা যাচ্ছে, নীল আকাশ আর সাদা মেঘের মধ্যে ইংরেজিতে নান্দনিকভাবে লেখা রয়েছে গুগল। সেই লোগোর সামনে পতপত করে উড়ছে বাংলাদেশের পতাকা। ব্যবহারকারীরা স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগল সার্চ বক্সে প্রবেশ করলেই ডুডলটি দেখতে পাচ্ছেন।
গুগলের সার্চ বক্সের ওপরে প্রদর্শিত ডুডলটির ওপর কারসর রাখলেই দেখা যাচ্ছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৬’ বার্তা। এরপর ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল। বিশেষ ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন বা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর নকশার সঙ্গে সংগতিপূর্ণ ডুডল প্রকাশ করে থাকে গুগল। ২০১৩ সালে প্রথম বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করেছিল গুগল কর্তৃপক্ষ।