
ক্রোম ব্রাউজারে গুগল ট্রান্সলেট–সুবিধা কাজে লাগিয়ে সহজেই ভিন্ন ভাষায় লেখা ওয়েবসাইটের তথ্য ইংরেজিতে পড়া যায়। তবে ছবিতে থাকা পোস্টার, ব্যানার বা লেখা অনুবাদ না হওয়ায় ভাষা–জটিলতায় পড়েন অনেকে। এ সমস্যা সমাধানে ক্রোম ব্রাউজার থেকে সরাসরি ওয়েবসাইটের ছবিতে থাকা লেখা বিভিন্ন ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ চালু করতে যাচ্ছে গুগল। ফলে ভাষার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে। উল্লেখ্য, বর্তমানে গুগল লেন্সের মাধ্যমে ছবিতে থাকা লেখা বিভিন্ন ভাষায় অনুবাদ করে পড়া যায়। আর তাই ওয়েবসাইটে ছবির লেখা অনুবাদ করতে ক্রোম ব্রাউজারে গুগল লেন্স যুক্ত করতে কাজও শুরু করেছে গুগল।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সামাজিক যোগাযোগমাধ৵ম হরাইজন ওয়ার্ল্ডসে নির্দিষ্টসংখ্যক সদস্য নিয়ে আলাদা বিশ্ব বা েগাষ্ঠী তৈরির সুযোগ দেবে মেটা। এ সুবিধা চালু হলে এতে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সদস্যদের নিয়ে আলাদা ভার্চ্যুয়াল দুনিয়া তৈরি করতে পারবে। এর ফলে বাস্তবের মতোই ভার্চ্যুয়াল দুনিয়ায় একসঙ্গে ঘুরে বেড়ানো যাবে। নিজেদের তৈরি হরাইজন ওয়ার্ল্ডসে এই সুবিধা চালুর জন্য কাজ শুরু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এরই মধ্যে হরাইজন ওয়ার্ল্ডসে প্রায় ১৫০ ব্যক্তির সমন্বয়ে আলাদা বিশ্ব তৈরির কার্যক্রম পরীক্ষাও করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে হরাইজন ওয়ার্ল্ডস ব্যবহার করা যায়। উল্লেখ্য, এটি ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
চলার পথে মাছের মতো লেজ নাড়াতে পারে এই রোবট মাছ। সমুদ্রের ৫৯ ফুট গভীরে চলতে সক্ষম মাছটি বিভিন্ন তথ্যও সংগ্রহ করতে পারে। সোফি নামের রোবট মাছটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) শিক্ষার্থীরা।
সূত্র: ম্যাশেবল