
জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যৎ পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুলভাবে জানতে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণপদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা। এ প্রযুক্তির মাধ্যমে ‘ক্লাইমেট এমুলেটর’ নামের বিশেষায়িত এআই মডেলগুলো মাত্র কয়েক সেকেন্ডেই মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে বৈশ্বিক তাপমাত্রা বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জটিল দৃশ্যপট বিশ্লেষণ করতে পারবে। সম্প্রতি মর্যাদাপূর্ণ বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
সাধারণত জলবায়ুবিজ্ঞানীরা দীর্ঘমেয়াদি পূর্বাভাসের জন্য বিশালাকার আর্থ সিস্টেম মডেল (ইএসএম) ব্যবহার করেন, যা সুপারকম্পিউটারে চালাতে কয়েক মাস সময় লেগে যায়। এর বিকল্প হিসেবে ব্যবহৃত এআই এমুলেটরগুলো দ্রুত কাজ করলেও এগুলোকে প্রশিক্ষণ দিতে প্রচুর বাস্তবসম্মত তথ্যের প্রয়োজন হতো, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তা ছাড়া অপরিচিত বা নতুন কোনো জলবায়ু পরিস্থিতির পূর্বাভাস দিতে প্রচলিত এমুলেটরগুলো প্রায়ই ব্যর্থ হতো।
এই সীমাবদ্ধতা দূর করতে এমআইটির গবেষক ক্রিস্টোফার ওম্যাক এবং অধ্যাপক নোয়েল ই সেলিনের নেতৃত্বাধীন দলটি এমন এক অ্যালগরিদম তৈরি করেছে, যা বাস্তবসম্মত তথ্যের বদলে বিশেষভাবে নকশা করা সিনথেটিক বা কৃত্রিম তথ্য তৈরি করে। এই তথ্যে কার্বন ডাই-অক্সাইড বা মিথেন নিঃসরণের আকস্মিক ও দ্রুত ওঠানামা যুক্ত করা হয়। গবেষকেরা জানান, এর ফলে পূর্ণাঙ্গ ইএসএম মডেল ছয় থেকে আটবার চালানোর বদলে মাত্র একবার চালিয়েই এআই মডেলকে নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে।
নতুন পদ্ধতিতে প্রশিক্ষিত এই এমুলেটরগুলো স্থানীয় দূষণ নিয়ন্ত্রণ নীতির প্রভাব এবং আগে কখনো দেখা যায়নি, এমন জলবায়ু পরিস্থিতিও নির্ভুলভাবে অনুমান করতে সক্ষম। গবেষকদের মতে, মডেল তৈরির দীর্ঘসূত্রতা কমে আসায় নীতিনির্ধারকেরা দ্রুততম সময়ে হালনাগাদ তথ্য পাবেন, যা বিদ্যুৎ গ্রিডের সুরক্ষা, জনস্বাস্থ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণে যুগান্তকারী ভূমিকা রাখবে। সূত্র: এমআইটি
জাহিদ হোসাইন খান
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com