অ্যাপল
অ্যাপল

৫০ বছর পেরিয়ে অ্যাপল: কোন তিনটি পণ্য হিট

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল ১ এপ্রিল ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনের তৈরি প্রতিষ্ঠানটির তিনটি পণ্য আধুনিক জীবনকে আমূল বদলে দিয়েছে। অ্যাপলের তৈরি হিট হওয়া তিনটি পণ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

আইপড হাতে স্টিভ জবস

আইপড

২০০১ সালে আইপড বাজারে আনে অ্যাপল। আইপড কেবল একটি এমপিথ্রি প্লেয়ার ছিল না, যন্ত্রটি ছিল ডিজিটাল মিউজিক ডাউনলোডকে মূলধারায় নিয়ে আসার পথপ্রদর্শক। আইপডের আইটিউনস লাইব্রেরি গান শোনার ধরনও বদলে দিয়েছিল।

আইফোন উন্মোচন করছেন স্টিভ জবস

আইফোন

২০০৭ সালে আইফোন বাজারে আনে অ্যাপল। সে সময় স্টিভ জবস এটিকে একটি ফোন, একটি আইপড এবং একটি ইন্টারনেট কমিউনিকেটরের সংমিশ্রণ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আজ প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় সাতটি আইফোন বিক্রি হয় এবং এটি অ্যাপলের ইকোসিস্টেমের প্রাণকেন্দ্র।

অ্যাপল ওয়াচ

অ্যাপল ওয়াচ

২০১৫ সালে অ্যাপল ওয়াচ বাজারে আনে অ্যাপল। টিম কুকের নেতৃত্বে বাজারে আনা ঘড়িটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টওয়াচে পরিণত হয়েছে। এটি কেবল সময় দেখার যন্ত্র নয়; বরং ইসিজি মনিটরিং এবং ডিটেকশনের মতো ফিচারের মাধ্যমে পরিধানযোগ্য স্বাস্থ্য প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে।

যেগুলো পণ্য সাফল্য পায়নি

সব প্রচেষ্টাই সফল হয় না। অ্যাপলের ইতিহাসেও এমন কিছু পণ্য আছে, যেগুলো বাজার মাতাতে পারেনি। ১৯৮৩ সালে অ্যাপল লিসা প্রকাশ করে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকা সত্ত্বেও অতিরিক্ত দামের (তৎকালীন ১০ হাজার ডলার) কারণে এটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই পরে ম্যাকিনটোশ তৈরি করে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে ল্যাপটপের পুরুত্ব কমাতে গিয়ে অ্যাপল বাটারফ্লাই কিবোর্ড ডিজাইন উন্মুক্ত করে; কিন্তু এটি টাইপ করার ক্ষেত্রে অস্বস্তিকর এবং স্থায়িত্বের অভাবের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়। শেষ পর্যন্ত ২০১৯ সালে অ্যাপল এটি বাদ দিতে বাধ্য হয়।

২০২৪ সালে ভিশন প্রো বাজারে আনে অ্যাপল। মিক্সড রিয়েলিটি হেডসেটটির দাম (৩ হাজার ৫০০ ডলার) অতিরিক্ত বেশি হওয়ার পাশাপাশি আধেয় (কনটেন্ট) সহজলভ্য না হওয়ায় অ্যাপলপ্রেমীদের কাছে প্রত্যাশিত সাড়া পায়নি।

সমালোচকদের তথ্যমতে, স্টিভ জবসের সময়ে অ্যাপল ছিল ভিশনারি বা দূরদর্শী উদ্ভাবনের সমার্থক। অন্যদিকে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের অধীন অ্যাপল অনেক বেশি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং তারা বিদ্যমান প্রযুক্তির আরও উৎকর্ষ সাধনে বেশি গুরুত্ব দিচ্ছে। আর তাই অনেক অ্যাপলপ্রেমী এখনো সেই পুরোনো উদ্ভাবনী অ্যাপলকে মিস করেন, যা সরাসরি স্টিভ জবসের ব্যক্তিত্বের সঙ্গে মিশে ছিল।

সূত্র: বিবিসি