ডার্ক ওয়েবের প্রতীকী ছবি
ডার্ক ওয়েবের প্রতীকী ছবি

টেকবার্তা

ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে

ইন্টারনেটের সব ওয়েবসাইট সাধারণ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। এমন অনেক ওয়েবসাইট ও অনলাইন সেবা রয়েছে, যেগুলোতে প্রবেশের জন্য প্রয়োজন হয় বিশেষ সফটওয়্যার। ইন্টারনেটের এই আড়ালে থাকা অংশের নাম ডার্ক ওয়েব। এখানে ব্যবহারকারীর পরিচয় ও অবস্থান গোপন রাখার প্রযুক্তি ব্যবহার করা হয়। ডার্ক ওয়েবে প্রবেশের সবচেয়ে পরিচিত মাধ্যম হলো টর ব্রাউজার।

ডার্ক ওয়েব মূলত ডিপ ওয়েবের একটি ছোট অংশ। সাধারণ সার্চ ইঞ্জিনে সূচিবদ্ধ নয়, এমন সব ওয়েবসাইট ও অনলাইন তথ্যকে ডিপ ওয়েব বলা হয়। তবে ডিপ ওয়েবের অন্যান্য অংশের সঙ্গে ডার্ক ওয়েবের পার্থক্য হলো এটি ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়। এখানে প্রবেশের জন্য বিশেষ সফটওয়্যার প্রয়োজন হয়। ডার্ক ওয়েবে যেমন বৈধ ওয়েবসাইট ও সেবা রয়েছে, তেমনি মাদক, চুরি করা তথ্য ও অন্যান্য অবৈধ পণ্য কেনাবেচার মতো অপরাধমূলক কর্মকাণ্ডও চলে।

ডার্ক ওয়েব সম্পর্কে অনেকের ধারণা, এর পুরো জগৎই অপরাধমূলক কর্মকাণ্ডে ভরা। বাস্তবে বিষয়টি তেমন নয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, ইন্টারনেট সেন্সরশিপ এড়িয়ে নিরাপদ যোগাযোগ এবং অনলাইন নজরদারি এড়ানোর জন্যও সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সংবেদনশীল পেশায় যুক্ত ব্যক্তিরা ডার্ক ওয়েব ব্যবহার করেন।

যেভাবে কাজ করে ডার্ক ওয়েব

প্রযুক্তিগতভাবে ডার্ক ওয়েব একাধিক এনক্রিপ্টেড ওভারলে নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। ওভারলে নেটওয়ার্ক হলো বিদ্যমান কোনো নেটওয়ার্কের ওপর তৈরি আলাদা নেটওয়ার্ক। এসব নেটওয়ার্কে প্রবেশের জন্য টরের মতো বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হয়।

টর নেটওয়ার্কে ব্যবহারকারীর ইন্টারনেট যোগাযোগ সরাসরি গন্তব্য সার্ভারে না পাঠিয়ে একাধিক মধ্যবর্তী সার্ভার বা রিলের মধ্য দিয়ে পাঠানো হয়। প্রতিটি ধাপে তথ্য এনক্রিপ্ট করা থাকে। ফলে কোনো একটি রিলে থেকে পুরো যোগাযোগের উৎস ও গন্তব্য সম্পর্কে জানা কঠিন হয়ে পড়ে। এ পদ্ধতিতে ব্যবহারকারীর পরিচয় ও অবস্থান গোপন রাখার চেষ্টা করা হয়।

তবে ডার্ক ওয়েবের সব নেটওয়ার্ক একই প্রযুক্তিতে কাজ করে না। ব্যবহৃত প্রটোকল অনুযায়ী তথ্য আদান-প্রদান, এনক্রিপশন ও ব্যবহারকারীর পরিচয় গোপন রাখার পদ্ধতিতে পার্থক্য রয়েছে। তাই ডার্ক ওয়েব ব্যবহার করলেই যে ব্যবহারকারীর পরিচয় সম্পূর্ণ অশনাক্তযোগ্য থাকবে, এমন ধারণা সঠিক নয়। প্রযুক্তিগত সুরক্ষা থাকলেও প্রতারণামূলক ওয়েবসাইট, ক্ষতিকর সফটওয়্যার ও ব্যক্তিগত তথ্য চুরির মতো ঝুঁকি থেকেই যায়। সূত্র: ইসেট ডটকম 

  • আহসান হাবীব

  • টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com