
জাঁকজমকপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আবহে আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিনের মূল আয়োজন ‘ডিজিটাল সম্মেলন’। সকালে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি, অ্যাসোসিও চেয়ারম্যান এবং অতিথিরা বক্তব্য দেওয়ার পর ‘অ্যাসোসিও সাইবার সিকিউরিটি পলিসি রিপোর্ট’ প্রকাশ করা হয়।
অ্যাসোসিও সাইবার সিকিউরিটি পলিসি রিপোর্ট প্রসঙ্গে অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ প্রথম আলোকে বলেন, ‘সাইবার সুরক্ষা কেবল একক কোনো গোষ্ঠীর কাজ নয়, এটি একটি যৌথ দায়িত্ব। এর জন্য সরকার, শিল্প খাত, শিক্ষাবিদ এবং সামগ্রিক ডিজিটাল সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। নির্ভরযোগ্য অংশীদারত্ব বজায় রাখা, সাইবার নিরাপত্তায় দক্ষ জনশক্তি তৈরি এবং দূরদর্শী নীতি প্রণয়নের মাধ্যমেই এই অঞ্চলের জন্য একটি সুরক্ষিত, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে এবং তথ্যভিত্তিক নীতি তৈরিতে এই গবেষণা প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।’
ডিজিটাল সম্মেলনে ‘পর্ষদ কক্ষের ডিজিটাল কৌশল: প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান তথ্য কর্মকর্তার বাজি কোথায় ধরা উচিত’ শীর্ষক প্যানেল আলোচনায় বিভিন্ন করপোরেট ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অংশ নেন।
শিল্প খাতের মূল বক্তব্য পর্বে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএমের প্রতিনিধি নিজেদের তৈরি এন্টারপ্রাইজ উদ্ভাবন, শাসনব্যবস্থা এবং বিশ্বস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রসারণ নিয়ে বক্তব্য দেন। এরপর দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে ডিজিটাল অর্থায়ন, ডিজিটাল পরিচয় এবং আন্তসীমান্ত বিশ্বস্ততা নিয়ে আলোচনা করা হয়।
আজ সন্ধ্যায় এশিয়া-ওশেনিয়া অঞ্চলের সেরা প্রযুক্তি সংস্থা ও উদ্ভাবকদের স্বীকৃতি দিতে ‘অ্যাসোসিও পুরস্কার’ এবং ‘অ্যাসোসিও ডিজিটাল এআই পুরস্কার’ দেওয়া হবে।
আগামীকাল বুধবার সম্মেলনের তৃতীয় দিনে অনুষ্ঠিত হবে ‘অ্যাসোসিও এআই সামিট’। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট সিটি এবং বৈশ্বিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশ্ববরেণ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা।