
আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে পিটিআই দলের প্রধান ইমরান খান যে জবাব দিয়েছেন, তা যথেষ্ট নয় বলে অভিমত দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ইমরান খানকে ‘বিস্তারিত’ তথ্য-প্রমাণ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার পর পিটিআই-প্রধান ভোট জালিয়াতির অভিযোগ আনেন। এ বিষয়ে ‘প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার’ জন্য তিনি বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের সমালোচনা করেন।
আদালতের নির্দেশে ইমরান খান গতকাল শুক্রবার প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চের সামনে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। কিন্তু প্রধান বিচারপতি বলেন, এ বক্তব্য সন্তোষজনক নয়। অভিযোগ প্রমাণিত হলে ইমরানের ছয় মাসের কারাদণ্ড হতে পারে। এএফপি।