আল-কায়েদার ইরাক শাখার প্রধানের বিধবা স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগদাদের একটি আদালত। দেশটির বিচার বিভাগের একজন কর্মকর্তা গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন।গত বছর যুক্তরাষ্ট্র ও ইরাকের যৌথ অভিযানে আল-কায়েদার নেতা আবু ওমর আল-বাগদাদি নিহত হন। ইরাকের আল-কায়েদা-নিয়ন্ত্রিত সংগঠন ইসলামিক স্টেট অব ইরাকের (আইএসআই) প্রধান ছিলেন তিনি।বিচার বিভাগের সর্বোচ্চ কাউন্সিলের মুখপাত্র আবদেল সাত্তার আল-বারিকদার জানান, সাজা পাওয়া ওই নারী একজন ইরাকি।বারিকদারের ভাষ্যমতে, ওই নারী আদালতের কাছে স্বীকার করেছেন যে তিনি স্বামীর সঙ্গে অনেক সশস্ত্র অভিযানে অংশ নিয়েছেন। সংগঠনের অর্থ ও আত্মঘাতী হামলার সরঞ্জাম ছিল তাঁর নিয়ন্ত্রণে। তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানান।২০১০ সালের ১৮ এপ্রিল বাগদাদে এক যৌথ অভিযানে নিহত হন বাগদাদি।এ ঘটনার পর ইরাকে নিযুক্ত মার্কিন শীর্ষ কমান্ডার জেনারেল রেই ওডিয়ারনো বলেন, বাগদাদির হত্যাকাণ্ড ইরাকে আল-কায়েদার জন্য বড় ধরনের একটা ধাক্কা। এএফপি।