ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে পৃথক ঘটনায় পাঁচজন সেনাসহ অন্তত ১২ জনকে গতকাল রোববার গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে পাঁচজন সেনার লাশ পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ ও সামরিক সূত্র এ খবর জানিয়েছে।
হামলাকারীরা সেনাদের বহনকারী দুটি গাড়িতে চোরাগোপ্তা আক্রমণ করে। ওই সেনাসদস্যরা রাজধানী বাগদাদ থেকে মসুলের উদ্দেশে যাচ্ছিলেন। রাজধানী থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত কাইয়ারা শহরে এ ঘটনা ঘটে। একটি গাড়ি হামলা থেকেও রক্ষা পেলেও অন্যটি আক্রান্ত হয় এবং পাঁচ সেনাকে গুলি করে হত্যা করা হয়। পরে তাঁদের লাশ পুড়িয়ে ফেলা হয়। সামরিক গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। এএফপি।