এবার আলীগড়ে বিচারককে ধর্ষণের চেষ্টা!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলীগড় শহরে গত সোমবার আদালতের একজন অতিরিক্ত বিচারককে তাঁর ‘সুরক্ষিত’ বাসভবনে ধর্ষণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা৷ এতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বাধীন রাজ্য সরকার অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়েছে৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৭ বছর বয়সী ওই নারী বিচারকের পরিবারের পক্ষ থেকে সোমবার রাতেই একটি অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে৷ ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন৷ অবশ্য বিশেষ নিরাপত্তাব্যবস্থার আওতায় তাঁর বাসভবনে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রয়েছে৷
ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করা হয়েছে৷ তারা হলো বেরিলি এলাকার বাসিন্দা গোপাল গুপ্ত এবং ফররুখাবাদের পঙ্কজ গুপ্ত৷ তারা কেন ওই বাসভবনে ঢুকেছিল, তা স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে৷