বিচিত্র

চব্বিশেই ৭ পর্বতশৃঙ্গ জয়

কুয়েতের ইউসেফ আল রিফাইয়ের বয়স ২৪ বছর। ঘুরতে ভীষণ পছন্দ করেন। তবে যেনতেন জায়গায় নয়, বিপৎসংকুল আগ্নেয় পর্বতশৃঙ্গে ঘুরতে ভালোবাসেন তিনি। একে একে বিশ্বের সাতটি আগ্নেয় পর্বতশৃঙ্গ জয় করেছেন রিফাই। এ জন্য বিশ্ব রেকর্ডের খাতায় নাম উঠেছে এই তরুণের।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ইউসেফ আল রিফাইকে নিয়ে ৬ মে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২৪ বছর ১১৯ দিন বয়সে এই তরুণ বিশ্বের সাতটি আগ্নেয়শৃঙ্গ জয় করেছেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। তাঁর আগে এত কম বয়সে কেউ সাতটি আগ্নেয় পর্বতশৃঙ্গ জয়ের কৃতিত্ব দেখাননি।

ইউসেফ আল রিফাই সর্বশেষ অ্যান্টার্কটিকা মহাদেশের মাউন্ট সাইডলে জয় করেন। ২০২১ সালের ২২ ডিসেম্বর তিনি এ শৃঙ্গ জয় করে নতুন রেকর্ড গড়েন। এর আগে ২০২০ সালের ১৫ জানুয়ারি তিনি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলির সীমান্তে ওজোস দেল–সালাদো শৃঙ্গ জয় করেন।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর আফ্রিকা মহাদেশের তানজানিয়ার মাউন্ট কিলিমানজারো জয়ের মধ্য দিয়ে সাতটি আগ্নেয় পর্বতশৃঙ্গ জয়ের অভিযানে নামেন রিফাই। ২০১৭ সালের ১৮ জুলাই তিনি রাশিয়ার মাউন্ট এলব্রুসে আরোহণ করেন। পরের বছরের ২১ জুলাই তাঁর পা পড়ে পাপুয়া নিউগিনির মাউন্ট গিলিউয়েতে। এরপর ২০১৯ সালে রিফাই দুটো আগ্নেয়শৃঙ্গ জয় করেন। ৬ জানুয়ারি উত্তর আমেরিকার মেক্সিকোর পিকো দে ওরিজাবা এবং ১১ আগস্ট ইরানের মাউন্ট দামাভান্দ শৃঙ্গে আরোহণ করেন তিনি।

সবচেয়ে কম বয়সে সাতটি আগ্নেয় পর্বতশৃঙ্গ জয়ের কৃতিত্ব রিফাইয়ের দখলে গেছে, শুধু তাই নয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, রিফাই বিশ্বের ২৪তম ব্যক্তি, যিনি প্রতিটি মহাদেশের সর্বোচ্চ আগ্নেয় পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন।

সংবাদমাধ্যমকে ইউসেফ আল রিফাই জানান, শৈশব থেকেই বিশ্ব রেকর্ড গড়ার বিষয়ে আগ্রহ ছিল তাঁর। এ জন্য পর্বতারোহণের মতো দুঃসাহসিক অভিযানের পথ বেছে নেন তিনি।