দাদির উল্লাস

ওবামা পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁর সৎদাদি সারাহ ওনইয়ানগো ওবামা নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেছেন। গতকাল বুধবার কেনিয়ায় ওবামার পূর্বপুরুষের ভিটায় উৎসবমুখর পরিবেশে বিজয় উদ্যাপন করা হয়। এ ছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তার যে বিদ্যালয়ে ওবামা পড়াশোনা করেছিলেন, সেই বিদ্যালয়েও শিক্ষার্থীরা ব্যাপক উল্লাস করেছে। নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিদ্যালয়ের কক্ষগুলোতে আনন্দের ধুম পড়ে যায়।ওবামার সৎদাদিকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে কেনিয়ার এনইয়ানগোমা কোগেলো গ্রামে উল্লাসে মেতে উঠতে দেখা যায়। এ সময় সবাই গান-বাজনা নিয়ে ব্যস্ত ছিল। এই গ্রামের অবস্থান রাজধানী নাইরোবি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে। এই গ্রামেই ওবামার প্রয়াত বাবা বসবাস করতেন। তাঁর নামও ছিল বারাক ওবামা।