নির্যাতনে মৃত্যু!

পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় চীনের সরকারি কর্মকর্তা ইউ কিয়ি নির্যাতনের শিকার হয়েছিলেন। তাঁকে বরফশীতল পানিতে চুবানো হয়েছিল। পরে তাঁর মৃত্যু হয়। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বেইজিং টাইমস-এর এক খবরে এ কথা বলা হয়েছে। দক্ষিণ-পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝাউ শহরের একটি সরকারি কোম্পানির প্রধান প্রকৌশলী ইউ কিয়ি নির্যাতনের শিকার হয়ে গত ৯ এপ্রিল মারা যান। সরকারি কৌঁসুলিদের বরাত দিয়ে ওই পত্রিকার খবরে বলা হয়, ভূমি চুক্তিতে অসদুপায় অবলম্বনের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের উদ্দেশ্যে ছয়জন তদন্ত কর্মকর্তা গত ৮ এপ্রিল রাতে ইউ কিয়ির ওপর নির্যাতন চালান। পরদিন গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই তদন্ত কর্মকর্তাদের বিচার করা হবে। বিবিসি।