
জর্জ হ্যারিসনের বাজানো প্রথম ইলেকট্রিক গিটার নিলামে উঠছে। চমকটা এখানেই শেষ হতে পারত। কিন্তু না। হ্যারিসনের গিটার ছাড়াও নোবেল বিজয়ী সংগীত তারকা বব ডিলান এবং ব্লুজ ও রক ধাঁচের সংগীতের আরেক তারকা এরিক ক্ল্যাপটনের বাজানো একটি গিটারও নিলামে উঠছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৯ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে।
হ্যারিসনের যে গিটারটি নিলামে উঠছে সেই গিটার তিনি বাজিয়েছেন মূলত ১৯৫০ সালে দ্য কোয়ারিম্যান ব্যান্ডের সদস্য থাকাকালে। হ্যারিসন গিটারটি পেয়েছিলেন যুক্তরাজ্যের আরেক বিখ্যাত পপ সংগীততারকা রে এনিসের কাছ থেকে। নিজের অ্যাকুস্টিক গিটারের বদলে ইলেকট্রিক গিটারটি পেয়েছিলেন তিনি। পরে হ্যারিসন ১৯৬৫ সালে ওই গিটার একটি ব্যান্ড প্রতিযোগিতায় উপহার দিয়েছিলেন জার্মানির একটি ব্যান্ডের এক সদস্যকে। ওই সদস্য মারা যান ২০১৭ সালে। এখন তাঁর স্ত্রী গিটারটি নিলামে তুলেছিলেন। হ্যারিসনের গিটারের জন্য নিলামের দাম ধরা হয়েছে ২ লাখ থেকে ৩ লাখ মার্কিন ডলার। এ ছাড়া ডিলান ও ক্ল্যাপটনের বাজানো গিটারের দাম ধরা হয়েছে ৪ লাখ থেকে ৬ লাখ ডলার।