আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় এলাকার একটি তল্লাশি চৌকিতে গতকাল মঙ্গলবার তালেবানের হামলায় একজন সেনাসদস্য নিহত এবং আরও অন্তত তিনজন আহত হয়েছেন। সে দেশের কর্মকর্তারা গতকাল এ তথ্য দিয়েছেন। এএফপি।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জাবিত খান বলেন, আফগান সীমান্তবর্তী উপজাতীয় অধ্যুষিত পার্বত্য এলাকা মোহমান্দ জেলার ঘানান শাহ এলাকায় গতকাল খুব ভোরের দিকে তালেবানেরা হামলা চালায়। এ সময় ৩০ জনেরও বেশি তালেবানের একটি দল স্বয়ংক্রিয় অস্ত্র এবং রকেট লঞ্চার নিয়ে তিন দিক থেকে এসে সেনাদের তল্লাশি চৌকিতে হামলা চালায়। এতে একজন আধা-সামরিক বাহিনীর সদস্য নিহত এবং তিনজন আহত হন। একজন সেনা কর্মকর্তা এ হামলার কথা স্বীকার করে বলেন, নিরাপত্তারক্ষীদের পাল্টা হামলায় চারজন তালেবান সদস্যও নিহত হয়েছে। সহিংসতাপূর্ণ উপজাতীয় অঞ্চল বাজাউরের প্রধান শহর খারের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।২০০৮ সালের আগস্টে পাকিস্তানের সেনাবাহিনী বাজাউরে জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান শুরু করে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষ বাজাউর জঙ্গিমুক্ত হওয়ার ঘোষণা দেন।