পাকিস্তানের বিচারপতি খাজা

পার্লামেন্টের কার্যবিবরণী কোনো আদালতেই চ্যালেঞ্জ করা যায় না

পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি জাওয়াদ এস খাজা বলেছেন, পার্লামেন্টের কার্যবিবরণী কোনো আদালতেই চ্যালেঞ্জ করা যায় না। সংবিধানের ৬৯ নম্বর অনুচ্ছেদে এ বিষয়টি উল্লেখ করা আছে।সম্প্রতি পাস হওয়া আদালত অবমাননা আইন ২০১২ চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের শুনানিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি খাজা এ কথা বলেন। এ শুনানির জন্য পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন করা হয়েছে। এ বেঞ্চের একজন হলেন বিচারপতি খাজা।আদালত অবমাননা আইন ২০১২তে আদালত অবমাননা থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে দায়ের করা ২৭টি আবেদনের শুনানি গত বুধবার শুরু হয়। ডন।