ইরাকের রাজধানী বাগদাদে একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪২ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে গতকাল রোববার এ কথা জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গাড়িতে বিস্ফোরক নিয়ে গিয়ে ওই ক্যাফেতে বিস্ফোরণ ঘটানো হয়।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সাম্প্রতিক সময়ে ইরাকে এ ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। চলতি বছর এ ধরনের হামলায় ছয় হাজারেরও বেশি ব্যক্তি নিহত হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। জঙ্গিরা ক্যাফে, মার্কেট, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে ঘন ঘন এমন হামলা চালাচ্ছে।