ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞানী পি. বালারাম দেশটির ভবিষ্যৎ সব পরমাণু প্রকল্প বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন। পি. বালারাম ভারতের বিজ্ঞান পরিষদের পরিচালক ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। তিনি সরকারের কাছে লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানান। ভারতের সংবাদমাধ্যমগুলোতে গতকাল শুক্রবার এ চিঠির সারাংশ প্রকাশিত হয়েছে। চিঠিতে জাপানের ঘটনাকে ভারতের জন্য সতর্কবাণী উল্লেখ করে দেশটির বর্তমান পরমাণুনীতি গভীরভাবে পুনর্মূল্যায়ন করার আহ্বান জানানো হয়েছে। এ মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব পরমাণু প্রকল্প বন্ধ এবং সম্প্রতি যেসব পরমাণু প্রকল্পকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিলের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে ভারতের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়ে স্বতন্ত্র ও স্বচ্ছ নিরীক্ষা চালানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এএফপি।