
সাবেক যুগোস্লাভিয়ার কমিউনিস্ট নেতা মার্শাল যোশেপ ব্রোজ টিটোর স্ত্রী যোভাঙ্কা ব্রোজ গত রোববার বেলগ্রেডে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্শাল টিটো নািসবিরোধী লড়াইয়ে যোগ দেন। তখন যোভাঙ্কাও কমিউনিস্ট পার্টির নিবেদিত কর্মী ছিলেন। তিনি প্রথমে টিটোর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন। পরে ১৯৫২ সালে টিটোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। টিটো ১৯৮০ সালে মারা যান। যোভাঙ্কা কিছুদিন গৃহবন্দী ছিলেন। গত তিন দশক তিনি বিছিন্ন জীবন যাপন করেছেন।
যোভাঙ্কার জন্ম ১৯২৪ সালের ৭ ডিসেম্বর বর্তমান ক্রোয়েশিয়ায়। মাত্র ১৭ বছর বয়সে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি পার্টিতে সক্রিয় ছিলেন। তত্কালীন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোকে বিয়ের পর প্রায় তিন দশক ফার্স্ট লেডির মর্যাদা পান তিনি। মার্শাল টিটোর মৃত্যুর পর তাঁকে গৃহবন্দী করা হয়। বিবিসি।