মিসরের লুক্সর শহরে তিন হাজার বছরের পুরোনো সমাধির সন্ধান পেয়েছেন ইতালির প্রত্নতত্ত্ববিদেরা। ওই কবরে কাঠের শবাধারসহ মানুষের হাড় পাওয়া গেছে। শহরটি মিসরের দক্ষিণ দিকে অবস্থিত।মিসরের পুরাতত্ত্ব-বিষয়ক মন্ত্রণালয় জানায়, কবরটি ফারাও সম্রাট দ্বিতীয় আমেনহোতেপের সমাধির স্থান থেকে খুঁজে পাওয়া গেছে। সমাধিটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত।খ্রিষ্টপূর্ব ১৪২৭-১৪০১ পর্যন্ত সম্রাট আমেনহোতেপের রাজত্বকাল ছিল। তিনি দেবতা হোরাসের চার ছেলের প্রতিকৃতির আদলে তৈরি শবাধারে মৃত ব্যক্তিদের যকৃৎ, ফুসফুস, পাকস্থলী ও অন্ত্র সংরক্ষণ করতেন। এসবও ওই কবর থেকে খুঁজে পাওয়া গেছে। ওই প্রতিকৃতিগুলো মানুষের, কুকুরমুখো বৃহদাকার বাঁদরের, শেয়ালের ও বাজপাখির আদলে তৈরি। এগুলো মৃত ব্যক্তির আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা করা হয়।মিসরের পুরাতত্ত্ব-বিষয়ক অধ্যাপক ওয়াফা এলসাদিক বিবিসিকে বলেন, এ আবিষ্কারটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটা দেখায় ওই সমাধিটি শুধু প্রার্থনার জন্য ব্যবহূত হতো না, এটা কবর দেওয়ার জন্যও ব্যবহার করা হতো। তিনি আরও বলেন, এ ধরনের কবর সম্পদশালী ব্যক্তিরা ব্যবহার করতেন। বিবিসি।