ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শিগগিরই পাকিস্তান সফরের সম্ভাবনা নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে গত শনিবার দেশটির সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। সফরে না যাওয়ার কারণ হিসেবে পাকিস্তানের নির্বাচন ও মুম্বাই সন্ত্রাসী হামলার সন্দেহভাজন ব্যক্তিদের বিচারের ধীরগতিকে উল্লেখ করা হয়েছে। সূত্রটি জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতে, এ মুহূর্তে প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরের সময় দেওয়া যাচ্ছে না। কারণ, কিছুদিন পরই পাকিস্তানে নির্বাচন। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মনমোহন সিংয়ের পাকিস্তান সফরের আশাবাদ করার এক দিন পরই এ তথ্য জানান হলো। টাইমস অব ইন্ডিয়ার মতে, ২০০৮ সালের ২৬/১১ সন্ত্রাসী হামলার পেছনে যারা ছিল, তারা পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের বিচারের আওতায় আনায় দেশটির উৎসাহ নেই।