সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্য প্রয়োজন: মেরকেল

ইউরোপকে চলমান অর্থনৈতিক সংকট থেকে বের করে আনতে ‘রাজনৈতিক’ ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতকাল বৃহস্পতিবার জার্মানির সরকারি টেলিভিশন এআরডিতে তিনি এ মন্তব্য করেন।স্পেনের ব্যাংকিং ব্যবস্থায় সৃষ্ট সংকট ইউরোজোনের ঋণসংকট আরও ঘনীভূত করবে আশঙ্কা করে পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক আহ্বানের মধ্যে মেরকেল ‘রাজনৈতিক’ ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোজোনকে ঋণসংকট থেকে উদ্ধারে পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানানোর পর মেরকেল এই মন্তব্য করেন।মেরকেল বলেন, ‘আমাদের প্রথমত ও প্রধানত দরকার রাজনৈতিক ঐক্য। আমাদের জাতীয়তার কথা না ভেবে সব দায়িত্ব ইউরোপের ওপর ছেড়ে দিতে হবে।’ এএফপি।