ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে এবার আসছে দাঙ্গাবিরোধী এক নতুন আইন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গত বুধবার দিল্লিতে স্টেট মাইনরিটিস কমিশনসের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ আইন প্রণয়নের কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছরের শেষের দিকে এই আইন আসছে ভারতে। হায়দরাবাদ ও রায়বেরিলিতে সাম্প্রতিক দাঙ্গার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু লোকজনকে আশ্বস্ত করে বলেন, ভারত সরকার সর্বদাই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য দায়বদ্ধ। নতুন আইন এলে এ সমস্যার সুরাহা হবে বলে তিনি মন্তব্য করেন। চিদাম্বরম বলেন, এই আইনে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়াসহ পুনর্বাসনের বিধান রাখা হবে।