সিনাই উপদ্বীপে বোমা হামলায় ৪ সেনা নিহত

মিসরের সিনাই উপদ্বীপে একটি সেনা চৌকিতে গতকাল বৃহস্পতিবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। নিরাপত্তাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সিনাইয়ের আল-আরিশ শহরের দক্ষিণে আল-রিসা তল্লাশি চৌকিতে এ হামলা চালানো হয়। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
সেনাবাহিনী গত ৩ জুলাই ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাইসহ বিভিন্ন স্থানে সেনা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। বিশাল কিন্তু জনবিরল সিনাইতে জঙ্গিবাদীদের তৎপরতাও রয়েছে।
রোববার কায়রোসহ কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মুরসির ৫৭ সমর্থক নিহত হয়। এর পরদিনই দক্ষিণ সিনাইয়ের আল-তুর নিরাপত্তা ভবনের বাইরে গাড়িবোমা হামলা হয়। এতে তিনজন নিহত হয়। এএফপি।