সিরিয়া সংকট সমাধানে দেশটিতে একটি ঐকমত্যের সরকার গঠনের পরিকল্পনায় একমত হয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো। গতকাল শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে বিশ্বনেতারা সিরিয়া নিয়ে আলোচনা শেষে এ ব্যাপারে একমত হন।বৈঠক শেষে জাতিসংঘের সাবেক মহাসচিব ও বর্তমানে শান্তিদূত কফি আনান বলেন, ঐকমত্যের সরকারে বর্তমান সরকারের সদস্য, বিরোধী দল ও অন্যান্য গোষ্ঠী পারস্পরিক সম্মতির ভিত্তিতে যোগ দিতে পারে। ঐকমত্যের সরকারে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ থাকতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে আনান বলেন, সিরিয়ার বিভিন্ন পক্ষকে এই সরকার গঠনের সহায়তায় একটি সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ করা হয়েছে। তারা একটি সরকার গঠন করবে ও প্রয়োজন হলে এর পরিবর্তন করবে। বর্তমান সরকারের কেউ নতুন সরকারে প্রতিনিধিত্ব করলে কেমন হবে জানতে চাইলে আনান বলেন, ‘আমার এ ব্যাপারে সন্দেহ আছে যে, যাঁদের হাতে সিরিয়ার মানুষের রক্ত আছে, সিরিয়ার জনগণ নতুন সরকারে আবার তাঁদেরই অন্তর্ভুক্ত করবে।’ এএফপি, রয়টার্স।