
যুক্তরাষ্ট্রের আড়ি পাতার খবর প্রকাশ করে হইচই ফেলে দেওয়া মার্কিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে লেখা একটি বইয়ের ভিত্তিতে চলচ্চিত্র নির্মিত হবে৷ বইটির লেখক এরই মধ্যে হলিউডের পরিচালক অলিভার স্টোনের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছেন৷ খবর এএফপির৷
বইটির লেখক রুশ আইনজীবী আনাতোলি কুশারিনা৷ তিনি স্নোডেনের আইনজীবী হিসেবে কাজ করেছেন৷ গত বুধবার তিনি বলেন, ‘আমার বইটির ওপর চলচ্চিত্র তৈরির জন্য অলিভার স্টোন ও প্রযোজক মরিৎস বোরমানের সঙ্গে চুক্তি হয়েছে৷’
কুশারিনা বর্তমানে একটি ট্রিলজি (একই উপজীব্য নিয়ে ধারাবাহিক তিনটি বই) লিখছেন৷ সেখানে স্নোডেনের অভিজ্ঞতার ভিত্তিতে একজন মার্কিন গোপন তথ্য ফাঁসকারীর কাহিনি তুলে ধরা হবে৷ প্রথম বইয়ের নাম দেওয়া হয়েছে, টাইম অব দ্য অক্টোপাস৷ এটি শিগগিরই বাজারে আসবে৷
স্নোডেন যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে আসার পর গত বছর যখন মস্কোর বিমানবন্দরে কয়েক মাস অবস্থান করেন, তখন তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান কুশারিনা৷