খালিদ মাসুদ একাই সেদিন যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের পাশে হামলা চালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার নিল বসু বলেছেন, কেন তিনি এ হামলা চালিয়েছিলেন, তা হয়তো কোনো দিন জানা যাবে না।
খালিদ মাসুদ গত বুধবার পার্লামেন্টের বাইরে কিছু পথচারীর ওপর গাড়ি উঠিয়ে দেন। এরপর পুলিশ সদস্যদের ছুরিকাঘাত করেন তিনি। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। হামলার সময় পুলিশের গুলিতে নিহত হন খালিদ।
পুলিশ বলেছে, পার্লামেন্টে হামলার ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়। তবে তাদের নয়জনকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।