'নরখাদক' দুই ভাই

মোহাম্মদ আরিফ আলী
মোহাম্মদ আরিফ আলী

মোহাম্মদ ফরমান আলী ও মোহাম্মদ আরিফ আলী। পাকিস্তানের দুই ভাই। কবর থেকে লাশ চুরি করেছিলেন তাঁরা। তারপর সেই মৃত ব্যক্তির মাংস রান্না করে খাওয়ার অভিযোগে তাঁদের দুই বছরের সাজা হয়। কারামুক্তির পর এখন তাঁদের খুঁজে পাওয়া কঠিন। বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের দারায়াখান এলাকার একটি প্রত্যন্ত খামারবাড়িতে থাকেন ওই দুই ভাইয়ের চাচা ওয়ালি দীন। তিনি দাবি করেন, ফরমান ও আরিফ নরখাদক নন, বরং প্রতিবেশীদের ‘শত্রুতার’ শিকার। নরখাদকদের সাজা দেওয়ার জন্য পাকিস্তানে কোনো আইন নেই। আর ফরমান ও আরিফ কাউকে হত্যাও করেননি। ফলে তাঁরা ২০১১ সালে গ্রেপ্তার হওয়ার পর কেবল দুই বছরের সাজা ভোগ করেই পার পেয়ে যান। তবে গত জুনে তাঁদের মুক্তির পর ক্ষুব্ধ লোকজন বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ফলে ফরমান ও আরিফের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেয় পুলিশ। দারায়াখান এলাকায় গা ঢাকা দিয়ে থাকেন আলোচিত সহোদরদের ছোটজন (আরিফ)। নরমাংস খাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। শুধু বলেন, ‘সব ঠিক হয়ে যাবে।’ বহুল আলোচিত ওই ঘটনার পর থেকে তাঁদের পরিবারে একধরনের বিপর্যয় নেমে আসে। সায়রা পারভিন নামের আরিফদের এলাকার এক তরুণী (২৪) গলার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সেই থেকেই ঘটনার শুরু। আত্মীয়স্বজনেরা সায়রাকে দাফন করার পরদিন অবাক হয়ে দেখেন, কে বা কারা কবর খুঁড়ে লাশ তুলে নিয়ে গেছে। পুলিশ তদন্ত করে এ ঘটনায় ফরমান ও আরিফের জড়িত থাকার প্রমাণ পায়।

সংশ্লিষ্ট পুলিশ পরিদর্শক ফখর ভাট্টি বলেন, ওই দুই ভাইয়ের বাড়ি তল্লাশি করা হয়। ফরমান বাড়িতে ছিলেন না। তাঁর ঘরের তালা ভেঙে পাওয়া যায় অন্য রকম মাংসের গন্ধ। একটি পাত্রে ছিল রান্না করা নরমাংস। পাশেই ছিল মাংস কাটার ছুরি। এক সারি পিঁপড়ের চলার পথ অনুসরণ করে খাটের নিচে সারের বস্তার পেছনে পাওয়া যায় সায়রার লাশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে ফরমান ও আরিফ স্বীকার করেন, তাঁরা স্থানীয় কবর থেকে আরও লাশ তুলে একইভাবে রান্না করে খেয়েছেন। বহুদিন ধরেই ব্যাপারটি চলে আসছিল। দুই ভাইয়েরই স্ত্রী-সন্তান রয়েছে। কিন্তু তাঁরা ফরমান ও আরিফকে ছেড়ে চলে গিয়েছে। পুলিশ ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান, দুই ভাই কোনো কাজ করতেন না। তাঁরা প্রায়ই রাত-বিরাতে ঘর ছেড়ে বেরিয়ে যেতেন।

ফরমান ও আরিফ মানসিকভাবে অসুস্থ কি না, যাচাই করে দেখা হয়নি। তাঁদের আইনজীবী রাও তাসাদ্দাক বলেন, ‘ফরমান ও আরিফ পাগল নন, বোকা।’