ইতিহাসের এই দিনে: প্রথমবার ইনস্ট্যান্ট নুডলস বিক্রি

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৫ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছে এক শিশু
প্রতীকী ছবি: রয়টার্স

নুডলসকে মূলত চীনা খাবার বলা হয়। তবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় খাবারটি। চটজলদি বানিয়ে ফেলা যায় বলে ব্যস্ত জীবনের খাদ্যাভ্যাসে কিংবা ভ্রমণের সময়ের খাবারের তালিকার ইনস্ট্যান্ট নুডলস জায়গা করে নিয়েছে। ১৯৫৮ সালের ২৫ আগস্ট প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে প্যাকেটজাত ইনস্ট্যান্ট নুডলস বিক্রি শুরু হয়।

‘চিকেন রামেন’ নামে এই প্যাকেটজাত ইনস্ট্যান্ট নুডলস বাজারজাত করেন তাইওয়ানিজ-জাপানিজ উদ্যোক্তা মোমোফুকু আন্দো। বাজারজাত করার প্রথম এক বছরে এই নুডলসের প্রায় ১ কোটি ৩০ লাখ প্যাকেট বিক্রি হয়।

৩৭৯ ফুট লম্বা গাছ

যুক্তরাষ্ট্রের রেডউড ন্যাশনাল পার্কে বেশ লম্বা একটি গাছের সন্ধান পান দেশটির দুজন উদ্ভিদবিজ্ঞানী। ২০০৬ সালের ২৫ আগস্ট সন্ধান পাওয়া এ গাছের নাম পরে রাখা হয় হাইপেরিয়ন। মেপে দেখা যায়, গাছটি ১১৬ মিটার বা প্রায় ৩৭৯ ফুট লম্বা। বিশ্বের সবচেয়ে লম্বা গাছ বলা হয় এটিকে। ধারণা করা হয়, গাছটির বয়স ৬০০ থেকে ৮০০ বছরের মধ্যে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিমুক্ত হওয়ায় প্যারিসবাসীর উদ্‌যাপন। ২৫ আগস্ট ১৯৪৪

নাৎসিমুক্ত হয় প্যারিস

তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে। যুদ্ধক্ষেত্রে নাৎসি জার্মান বাহিনীর রণশক্তি ক্রমেই ফুরিয়ে আসছে। ফ্রান্সের প্যারিসে দখলদার জার্মান বাহিনীর সঙ্গে মিত্রবাহিনীর সেনাদের তুমুল লড়াই হয়। অবশেষে ১৯৪৪ সালের ২৫ আগস্ট প্যারিসে আত্মসমর্পণে বাধ্য হয় নাৎসিরা। এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর নাৎসিমুক্ত হয় প্যারিস।

টেলিস্কোপের প্রথম প্রদর্শন

১৬০৯ সালের ২৫ আগস্ট ইতালির বিখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি তাঁর আবিষ্কার করা নতুন একটি জিনিস জনসমক্ষে নিয়ে আসেন। এটা ছিল একটি টেলিস্কোপ, যা আকাশের দিকে তাক করা ছিল। গ্যালিলিওর টেলিস্কোপের সহায়তায় আকাশের চাঁদ, তাঁরা, সূর্য ও অন্যান্য জিনিস পর্যবেক্ষণ করা যেতো।