
সাংবাদিকদের কাজ কখনো কখনো মূল ইস্যু থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। সারা দুনিয়াতেই এটা চলছে। এতে দোষের কিছু নেই। অনেক সময় সাংবাদিকেরা রাজনৈতিক দলের তল্পিবাহকের ভূমিকায় অবতীর্ণ হন। সেই জায়গা থেকে তাঁরা এমন সব প্রশ্ন সামনে আনেন, যা মোটেই প্রাসঙ্গিক নয়। তারপরও ‘নির্দেশিত’ হয়ে তাঁরা ওই সব প্রশ্ন করেন। তবে এতে কখনো কখনো হিতে বিপরীত হয়। যাঁদের খুশি করতে প্রশ্নটি করেছিলেন, জবাব পেয়ে তাঁরা আচ্ছামতো জব্দ হয়ে যান।
সম্প্রতি ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এমন কয়েকটি প্রশ্ন করেছেন কয়েকজন সাংবাদিক।
রাহুল বর্তমানে ‘ভারত জোড়ো যাত্রায়’ যুক্ত আছেন। বলা হচ্ছে, ভারতের স্বাধীনতার পর এত বড় কর্মসূচি আর দেখা যায়নি। ৭ সেপ্টেম্বর ২০২২ সালে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা, যা চলবে ১৫০ দিন। ভারতের দক্ষিণের একেবারে শেষ বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে এ যাত্রা। শেষ হবে কাশ্মীরে গিয়ে। বর্তমানে এ বহর আছে উত্তর প্রদেশে। রাহুল গান্ধী হেঁটে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, আলিঙ্গনে বাঁধছেন। মানুষের সমস্যা বুঝতে চাইছেন গভীর থেকে।
কংগ্রেস বলছে, এটা রাজনৈতিক কর্মসূচি নয়। বিজেপির শাসনামলে ভারত ভেতর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিচ্ছিন্নতা রুখে আবার মহান ভারতকে ঐক্যবদ্ধ করাই তাঁদের লক্ষ্য। ভারতের অন্তরাত্মাকে খুঁজে পেতেই তাঁদের এই দীর্ঘ পথ হেঁটে চলা।
এই কর্মসূচি চালাতে গিয়ে বলা যায়, নাওয়া–খাওয়া ভুলে গেছেন কেরালার ওয়ানারের এই সংসদ সদস্য। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া রাহুল যেন একগাল দাড়িমুখের এক রাজনৈতিক সন্ন্যাসীর নাম। কেউ তাঁকে বলছেন কাল মার্ক্স। বাবা রামদেব বলতেও ছাড়ছেন না কেউ কেউ।
সাংবাদিকের সেই বেমক্কা প্রশ্নে আসা যাক। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারত জোড়ো যাত্রার কর্মসূচির মধ্যেই এক সাংবাদিক প্রশ্ন করেন, কেমন জীবনসঙ্গিনী চান তিনি? যেহেতু সোনিয়া-রাজীব তনয় রাহুলের এখন বয়স ৫২ চলছে। এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। মূল প্রসঙ্গের বাইরে হলেও রাহুল হাসিমুখে জবাব দিয়েছেন। তিনি বলেছেন, নিজের গুণাবলি তো থাকতেই হবে। একই সঙ্গে তিনি চাইবেন, সঙ্গিনীর মধ্যে যেন তাঁর দাদি ইন্দিরা গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর গুণাবলিও থাকে।
এভাবে উত্তর দেওয়ার পর ওই সাংবাদিক আর কোনো পাল্টা প্রশ্ন করেছেন কি না, জানা যায়নি। কারণ, গণমাধ্যমে এতটুকুই এসেছে।
রাহুল গান্ধীর প্রেম-ভালোবাসাবিষয়ক প্রশ্নটি যেহেতু নতুন করে উঠেছে, তাই রাজনীতির পাশাপাশি প্রসঙ্গক্রমে এ বিষয়ে কিছু আলোকপাত করা যেতে পারে। যদিও প্রশ্নটি নতুন নয়। রাহুল গান্ধীর তরুণ বয়স থেকেই তাঁর প্রেম-প্রণয় নিয়ে সাধারণ ভারতীয়দের প্রবল আগ্রহ। কৌতূহলটা ছিল, রাহুল কি বাবার মতো বিদেশিনী বিয়ে করবেন, নাকি কোনো ‘দেশি গার্ল’কে বেছে নেবেন?
গত শতকের নব্বইয়ের দশকে যুক্তরাজ্যের ট্রিনিটি কলেজ কেমব্রিজে পড়ার সময় ভেরোনিক কার্তেলি নামে এক স্প্যানিশ সুন্দরীর সঙ্গে রাহুলের পরিচয় হয়। বলা হয়ে থাকে, তাঁরা সহপাঠী ছিলেন। ১৯৯৮ সালে রাহুল তাঁর মায়ের প্রথম রাজনৈতিক শোভাযাত্রায় যোগ দিতে উড়ে যান দিল্লিতে। তখন ভেরোনিককেও রাহুলের পাশে দেখা গিয়েছিল। এক বছর পর বার্মিংহামে ভারত-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ চলাকালে গ্যালারিতে রাহুল-ভেরোনিককে পাশাপাশি দেখা গিয়েছিল। এরপরও তাঁদের বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। ভেরোনিক স্প্যানিশ পাসপোর্টধারী হলেও তাঁর বাবা আদতে একজন কলম্বিয়ান। ভেরোনিকের বাবার ব্যবসা-বাণিজ্য নিয়েও নানা গুজব, অপপ্রচার হয়েছে। অবশ্য কীভাবে তাঁদের ‘বিচ্ছেদ’ ঘটল, সে বিষয়ে খুব বেশি জানা যায় না।
এরপর রাহুলের জীবনে আসেন নোয়েল জহির। সময়টা তখন ২০১২ সালের জুন মাস। এই নোয়েল জহির হলেন একজন প্রিন্সেস, আফগানিস্তানের সর্বশেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহের নাতনি। দিল্লির আমান হোটেলে বিভিন্ন সময় দুজনকে একসঙ্গে দেখা গেছে। ওই হোটেলের ফিটনেস সেন্টারে জিম করতেন রাহুল। এমন খবরও ছড়িয়ে পড়ে, সোনিয়া গান্ধীর মন পেতে খ্রিষ্টধর্মে দীক্ষা নিয়েছেন নোয়েল।
দুজন নাকি ইতালিতে সোনিয়ার মায়ের বাড়িতে প্রার্থনায়ও অংশ নিয়েছেন। নোয়েলের সঙ্গে রাহুলের সম্পর্ক এখনো টিকে আছে কি না, তা স্পষ্ট নয়।
কথায় কথা আসে। ইতিহাসের জমিন খুঁড়লে নেহরু-গান্ধী পরিবারের সদস্যদের বিদেশিদের প্রতি আকৃষ্ট ও বিয়ে করার একাধিক উদাহরণ রয়েছে।
রাহুলের ভারত জোড়ো যাত্রায় ফিরে আসা যাক। দিল্লি-উত্তর প্রদেশে হাড়কাঁপানো শীতের মধ্যে ভারত জোড়ো যাত্রার সহযাত্রীরা যখন চাদর, সোয়েটারে নিজেদের আবদ্ধ করেছেন, সেখানে রাহুল জিনস আর টি–শার্ট পরেই হেঁটে চলেছেন মাইলের পর মাইল। তাঁর এ অবস্থা দেখে সাংবাদিকদের চোখ কপালে উঠছে। বিজেপি থেকে সাধারণ মানুষ, সবারই প্রশ্ন, রাহুলের কি ঠান্ডা লাগে না? এ বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেসের সাবেক সভাপতি বলেন, ‘ওঁরা আমায় জিজ্ঞেস করেন, কেন আমার ঠান্ডা লাগছে না। ওঁরা কৃষক, শ্রমিক, গরিব বাচ্চাদের তো এই প্রশ্ন করেন না।’
একসময়ে রাজনীতিতে উদাসীন রাহুল আজ ভিন্ন মানুষ। প্রতিদিন গড়ে ৩০ কিলোমিটার করে হাঁটছেন। রোজ ভোর চারটায় ঘুম থেকে উঠে তৈরি হচ্ছেন।
নরেন্দ্র মোদি-অমিত শাহের বিজেপি শুরুর দিকে রাহুলের এই কর্মসূচিকে পাত্তা দেয়নি মোটেও। তাদের ধারণা ছিল, এতে লোক হবে না। কেউ যাবে না। আর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এটা তিনি টেনেও নিতে পারবেন না। কিন্তু এ যাত্রা যত এগিয়েছে, ততই চিন্তায় ঘুম হারাম হয়েছে বিজেপি নেতৃত্বের।
ভারত জোড়ো যাত্রা নিয়ে ভারতের বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, বিজেপির প্রচারণা আর কিছু সাংবাদিকের লেখার মধ্যে রকমফের বেশ কম। বিজেপি নেতাদের কথাই যেন তাঁরা প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছেন। তা না হলে ‘পাপ্পু’ কথাটা এতবার কেন আসবে? বিজেপি নেতারা রাহুলকে পাপ্পু বলে ডাকেন।
কিছু কিছু সাংবাদিকও তা–ই করছেন। কিন্তু এর জবাব রাহুল দিয়েছেন, ‘আমাকে যে নামেই ডাকা হোক না কেন, স্বাগত জানাব। আমার বেশ ভালোই লাগে। দয়া করে আমার আরও নাম দেওয়া হোক।’
এ প্রশ্নের জবাব দিতে রাহুল টেনে এনেছেন তাঁর দাদি ইন্দিরা গান্ধীকে। ইন্দিরাকেও কটাক্ষ করে ‘গুঙ্গি গুড়িয়া’ বলা হতো। কিন্তু সেই গুঙ্গি গুড়িয়াই ভারতের ‘আয়রন লেডি’ নামে পরিচিতি পেয়েছিলেন। রাহুলের কথায়, প্রকৃতপক্ষে তিনি সব সময় আয়রন লেডিই ছিলেন।
কলকাতার একজন সাংবাদিক তাঁর একটি লেখায় উল্লেখ করেছেন, রাহুল চুল-দাড়ি যে দীর্ঘদিন কাটছেন না, দেখেই বোঝা যাচ্ছে। তবে নখ কাটছেন, সেটা বোঝা যাচ্ছে ছবিগুলো ‘জুম’ করে দেখলে। কৌতূহল হয়, কে তাঁর নখ কেটে দিচ্ছে? যে নখ কেটে দিচ্ছে, সে কি চুল-দাড়ি ছেঁটেছুঁটে তাঁকে একটু পরিচ্ছন্ন করতে পারত না? নাকি ওই যোগীপুরুষসদৃশ চেহারাটাও আসলে প্যাকেজ!
অর্থাৎ রাহুলকে কেবল বিজেপিকে মোকাবিলা করলে চলছে না, মোকাবিলা করতে হচ্ছে এর শক্তিশালী মিডিয়া গোষ্ঠীকেও। জবাব দিতে হচ্ছে, তিরের মতো আসা ব্যক্তিগত প্রশ্নেরও।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধীকে বেশ ইতিবাচক মনে হচ্ছে। একেবারেই উত্তেজিত হচ্ছেন না। ধীরস্থিরভাবে, ঠান্ডা মাথায় সবকিছু সামলে নিচ্ছেন। এখন তিনি পুরোদস্তুর বদলে যাওয়া এক রাজনীতিক। বিজেপিকে উৎখাত করে ভারতের অন্তরাত্মাকে ফিরিয়ে আনতে পারবেন কি না, তা সময় বলে দেবে। তবে নিজেকে তিনি যেভাবে বদল করে ফেলেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ।
রাহুলের পূর্বপুরুষেরা যেভাবে ভারতকে গড়ে তুলতে ভূমিকা রেখেছেন, তাঁকেও তেমন কিছু করতে হবে, সেই উপলব্ধি তাঁর মধ্যে এসেছে। সে জায়গায় কেন বিয়ে করছেন না, কেমন জীবনসঙ্গিনী চান, এসব প্রশ্ন একেবারেই গৌণ।
কাজী আলিম-উজ-জামান, প্রথম আলোর উপবার্তা সম্পাদক
alim.zaman@prothomalo.com