বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। চলুন দেখি, ৩১ জানুয়ারি বিশ্বে কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার নাম ব্রেক্সিট। যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকা নিয়ে ২০১৬ সালে গণভোট হয়। এতে যুক্তরাজ্যবাসী ব্রেক্সিটের পক্ষে ভোট দেন। বছর চারেক পর ২০২০ সালের ৩১ জানুয়ারি ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায় যুক্তরাজ্য। ৪৭ বছর ইইউ-এর সদস্য ছিল যুক্তরাজ্য।
সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে ১৯৯০ সালের ৩১ জানুয়ারি চালু হয় ম্যাকডোনাল্ডসের প্রথম আউটলেট। মস্কোর পুশকিন স্কয়ারে ওই দোকানে ফাস্ট ফুডের স্বাদ নিতে জড়ো হন সোভিয়েতবাসী।
১৮৬৫ সালের ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংবিধানে ১৩তম সংশোধনী আনা হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আলোচিত ও সমালোচিত দাসপ্রথা বিলুপ্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জাস্টিন টিম্বারলেক। শৈশবেই তুমুল জনপ্রিয়তা পান তিনি। আজ এই পপ তারকার জন্মদিন। ১৯৮১ সালের ৩১ জানুয়ারি তাঁর জন্ম।