
ফিজিতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ‘প্রি-কপ’ সম্মেলন। ওই সম্মেলনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বক্তৃতা করবেন।
ওই বক্তব্যে সাইমন ‘চরম তাপে অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের নবজাতকদের ঝুঁকি ক্রমশ বৃদ্ধির’ বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছে এএফপি।
ফিজির নাদি শহরে আয়োজিত ‘প্রি-কপ’ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সাইমন এ বিষয়ে নতুন একটি জরিপের তথ্য তুলে ধরবেন বলেও জানা গেছে।
ফিজিতে আজ ৫ অক্টোবর সোমবার থেকে ‘প্রি-কপ’ সম্মেলন শুরু হবে, ৮ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন চলবে।
ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার তথ্য বিশ্লেষণ করে এএফপি বলেছে, পশ্চিম ইউরোপ, সাহেল অঞ্চল ও মধ্য আমেরিকার প্রায় ৩৩টি দেশ (রেকর্ড রাখা শুরুর পর থেকে) এ বছর সবচেয়ে উষ্ণ জুলাই দেখেছে।
সম্মেলনে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েলের বক্তব্য দেওয়ার আগে তিনি কী কী বিষয় নিয়ে বক্তব্য দিতে চলেছেন, এএফপি একটি প্রতিবেদনে সেসব বিষয় তুলে ধরেছে।
সাইমন তাঁর বক্তব্যে ‘তাপমাত্রা যত বাড়ছে, গর্ভাবস্থায় ঝুঁকিও তত বাড়ছে’—বলবেন বলে ধারণা করা হচ্ছে।
সাইমন তাঁর বক্তব্যে আরও বলবেন, ‘অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম তাপমাত্রার সঙ্গে সময়ের আগে সন্তান জন্ম, মৃত সন্তান প্রসব, কম ওজনের শিশু জন্ম এবং মায়ের শারীরিক নানা জটিলতার সম্পর্ক ক্রমেই স্পষ্ট হচ্ছে।
‘চিত্রটি স্পষ্ট এবং অত্যন্ত উদ্বেগজনক। অন্তঃসত্ত্বা অবস্থা ও সন্তান জন্মদান এখন বৈশ্বিক জলবায়ু সংকটের নতুন এক ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। চরম তাপমাত্রার পরিস্থিতি যত খারাপ হবে, এর পরিণতিও তত প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই ঝুঁকিপূর্ণ ক্ষেত্রটি যেন জলবায়ু পরিবর্তনজনিত দুর্ভোগ, বৈষম্য ও অবিচারের আরেকটি গভীর খাদে পরিণত না হয়।’
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়াজনিত ঘটনাগুলো আরও তীব্র হয়ে উঠছে। একই সঙ্গে আগের তুলনায় তাপমাত্রার রেকর্ড ঘন ঘন ভাঙছে।
ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার তথ্য বিশ্লেষণ করে এএফপি বলেছে, পশ্চিম ইউরোপ, সাহেল অঞ্চল ও মধ্য আমেরিকার প্রায় ৩৩টি দেশ (রেকর্ড রাখা শুরুর পর থেকে) এ বছর সবচেয়ে উষ্ণ জুলাই দেখেছে।
দাতব্য সংস্থা ওয়েলকাম এ জরিপ চালিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল ও জিম্বাবুয়ের এক হাজার ধাত্রী ও চিকিৎসক এই জরিপে অংশ নিয়েছেন।
ওয়েলকামের চেয়ারওম্যান ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এক বিবৃতিতে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মা ও নবজাতক ক্রমেই বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন।
চরম তাপমাত্রা অদৃশ্য ঘাতক। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকিটা যেন উপেক্ষা করা না হয়। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও সমাধান নেতাদের হাতে রয়েছে—এখন তাঁদের পদক্ষেপ নিতে হবে।জুলিয়া গিলার্ড, ওয়েলকামের চেয়ারওম্যান ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী
জুলিয়া বলেন, ‘চরম তাপমাত্রা অদৃশ্য ঘাতক। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকিটা যেন উপেক্ষা করা না হয়। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও সমাধান নেতাদের হাতে রয়েছে—এখন তাঁদের পদক্ষেপ নিতে হবে।’
জরিপে দেখা গেছে, প্রায় সব ধাত্রী ও চিকিৎসকই চরম তাপের কারণে অসুস্থ হয়ে পড়া মা বা নবজাতকের চিকিৎসা করেছেন।
প্রায় এক-তৃতীয়াংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তাঁরা কম ওজনের শিশু জন্ম, শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হওয়া, শিশুর খাবার খেতে সমস্যা এবং পানিশূন্যতা বা তাপজনিত অসুস্থতার ঘটনা দেখেছেন। তাঁদের ধারণা, এসব সমস্যার পেছনে চরম তাপমাত্রাই দায়ী।
সাইমন প্রি-কপ সম্মেলনের প্রতিনিধিদের বলবেন, ‘অন্তঃসত্ত্বা কাল আশায় ভরা একটি সময় হওয়া উচিত। কিন্তু কোটি কোটি মানুষের জন্য এটি এখন উদ্বেগের সময়ে পরিণত হচ্ছে। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব তাঁদের প্রতিদিনের জীবনকে ঝুঁকিপূর্ণ করে দিচ্ছে।’
ফিজি ও দূরবর্তী প্রবালদ্বীপ টুভালুতে আয়োজিত প্রি-কপ৩১ সম্মেলনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতারা জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা মানুষের জীবনযাত্রার দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণের একটি সুযোগ হিসেবে দেখছেন।
এই সম্মেলন আগামী মাসে তুরস্কে অনুষ্ঠিত হতে চলা জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বৃহত্তর বৈশ্বিক জলবায়ু সম্মেলন-কপ৩১-এর প্রস্তুতিপর্ব।