
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে—যা অপ্রত্যাশিত ছিল না। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে আমাদের কাছে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে, যাতে তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলেছি। প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি।’
সূত্র: বিবিসি
ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’। তিনি বলেন, ‘পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না।’
মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলেছেন, ‘অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। তাছাড়া, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে।’
সূত্র: আল জাজিরা
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ তাদের একজন প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকার করেছে ইরান।
সংস্থাটি জানায়, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র তাদের ‘অযৌক্তিক দাবি’ থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাসনিম নিউজের ভাষ্যে, “এই কারণে ইরান শেষ পর্যন্ত আজ ঘোষণা করেছে যে, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশগ্রহণ করা কেবল সময়ের অপচয়। কারণ যুক্তরাষ্ট্র যেকোনো উপযুক্ত চুক্তির পথে বাধা সৃষ্টি করছে। তাই ইরান আমেরিকানদের সাথে কোনো আলোচনায় বসবে না।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তাদের এই অবস্থানের কথা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে এবং মধ্যস্থতাকারীদের অবহিত করেছে যে আগামীকাল পাকিস্তানে অনুষ্ঠেয় আলোচনায় তারা উপস্থিত থাকছে না।
তবে এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ১০ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব হিসেবে তারা উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরায়েলের একটি অবস্থান লক্ষ্য করে তাদের যোদ্ধারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ওই অবস্থান থেকেই দক্ষিণ লেবাননের একটি শহরে কামানের গোলা ছোড়া হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘লেবানন ও তার জনগণকে রক্ষা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও ঘরবাড়ি-গ্রাম ধ্বংসসহ ইসরায়েলের পক্ষ থেকে নির্লজ্জ’ যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
পশ্চিম জেরুজালেমে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল এখন আগের চেয়ে শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আমরা বিশ্বের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছি।’
নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা ইরানের হুমকি ব্যবস্থাকে মারাত্মক আঘাত করেছি, যা আমাদের বিপদে ফেলার ক্ষমতাকে খর্ব করেছে। আমরা আঞ্চলিক শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থান শক্তিশালী করেছি। আমরা নতুন জোট গঠন করেছি এবং শান্তির পরিধি বাড়ানোর পথ প্রশস্ত করেছি।’
সূত্র: আল জাজিরা
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে সরাসরি অবগত একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি এটিও জানিয়েছেন যে, পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো মুহূর্তে এই সফর পুনরায় শুরু হতে পারে।
ওই কর্মকর্তার ভাষ্যমতে, তেহরান মার্কিন আলোচনার শর্তাবলি বা অবস্থানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, যার ফলে এই উচ্চপর্যায়ের সফরটি আপাতত থমকে গেছে। তবে আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি; যেকোনো সময় এই সফর হতে পারে।
সূত্র: নিউইয়র্ক টাইমস।
* আগের লাইভ দেখতে ক্লিক করুন