সোমালিয়ায় নিজ দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছেন দেশটির মিডল শেবেলে অঞ্চলের নিরাপত্তা বাহিনীর প্রধান আবদিওয়েলি ইব্রাহিম মোহাম্মদ। গত মঙ্গলবার রাতে রাজধানী মোগাদিসু থেকে ৯০ কিলোমিটার দূরে জোহার শহরে সংঘটিত এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। পুলিশ জানায়, গুলিতে আবদিওয়েলির অপর দুই দেহরক্ষী আহত হন। ঘাতক দেহরক্ষী পালিয়েছেন। তাঁকে ধরতে অভিযান চলছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই দেহরক্ষী আল-শাবাবের সাবেক সদস্য ছিলেন। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এ গোষ্ঠীর একজন মুখপাত্র ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেন, এই নিরাপত্তাপ্রধানকে তাঁরাই হত্যা করেছেন। রয়টার্স